“শুধু বড়লোকের সন্তানদের চাকরি!” নিট কেলেঙ্কারি ও ভিসি নিয়োগ নিয়ে সংসদে বিস্ফোরক রাহুল

লোকসভার বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চরম চড়ালেন। বুধবারে লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল (Anti-Paper Leak Bill) সংক্রান্ত আলোচনার সময় তিনি সরাসরি অভিযোগ করেন যে, দেশের গোটা শিক্ষা ব্যবস্থা আজ এক চরম সংকটের মুখে এবং এটি সম্পূর্ণরূপে আরএসএস-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, “দেশের শিক্ষা মন্ত্রক আদতে শিক্ষামন্ত্রী চালাচ্ছেন না, চালাচ্ছেন আরএসএস নেতৃত্ব। বর্তমানে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) হিসেবে এমন ব্যক্তিদের বসানো হচ্ছে যারা আরএসএস-এর সঙ্গে যুক্ত।”

“ধনীরা পাচ্ছে চাকরি, বঞ্চিত হচ্ছে গরিবের সন্তান”
দেশজুড়ে সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে কেন্দ্রকে তুমুল আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, “শিক্ষার্থীরা দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। অথচ শেষ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল! আজ শিক্ষাকে সম্পূর্ণ বাণিজ্যীকরণ করা হয়েছে। ধনীদের সন্তানেরা সহজেই চাকরি পেয়ে যাচ্ছে, আর গরিব পরিবারের ছেলেমেয়েরা অবহেলিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার আত্মাটাকেই আজ দখল করে নেওয়া হয়েছে।”

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর এক বক্তব্যের জবাবে রাহুল মন্তব্য করেন, “রাজনাথ সিং ঠিকই বলেছেন যে এনডিএ (NDA) সরকার ইউপিএ (UPA)-র মতো নয় এবং তাদের মন্ত্রীরা পদত্যাগ করেন না। কারণটা খুব স্পষ্ট—ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী হলেও আসল দায়িত্ব পালন করছে আরএসএস।”

“শিক্ষার্থীদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে”
রাহুল গান্ধী আরও অভিযোগ করেন যে, দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের নিজেদের পছন্দমতো এগোতে দেওয়া হচ্ছে না। তাদের স্বাধীন চিন্তাভাবনা প্রকাশের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “শিক্ষার্থীরা সমস্ত ভয় কাটিয়ে লড়াই করছে। কিন্তু সরকার এমন মনোভাব দেখাচ্ছে যেন তারা সব জানে এবং সমস্ত জ্ঞান তাদের ভেতর থেকেই উঠে আসছে।”

বর্তমানে নিট কেলেঙ্কারি ও শিক্ষা প্রতিষ্ঠানে পক্ষপাতিত্বের অভিযোগে বিরোধী দলনেতার এই মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *