পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ায় গৃহবধূর স্বামী, চোখ লক্ষ্য করে গুলি চালাল TMC উপ প্রধানের ছেলে! চাঞ্চল্য এলাকা

বিবাহ-বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় এক গৃহবধূর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের এক উপ-প্রধানের ছেলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনা উত্তর ২৪ পরগনার আমডাঙা ব্লকের তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযুক্ত উপ-প্রধানের ছেলেকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, তারাবেড়িয়া পঞ্চায়েতের উপ-প্রধান ওমর আলির ছেলে আরিফ আলির সঙ্গে এলাকারই এক তৃণমূল কর্মী মশিয়ার রহমান মণ্ডলের স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এই বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে আরিফ ও মশিয়ারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। সম্প্রতি আরিফ মশিয়ারের স্ত্রীকে নিয়ে কয়েকদিন বাইরে কাটান বলে অভিযোগ।
মঙ্গলবার রাতে মশিয়ার যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালান আরিফ। গুলি মশিয়ারের ডান কানের নিচে লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুলি চালানোর পর আরিফ পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করে। অভিযোগ উঠেছে যে, ত্রিকোণ প্রেমের জেরে প্রতিহিংসাবশত মশিয়ারের ওপর হামলা চালানো হয়েছে।
গুলিবিদ্ধ মশিয়ার রহমান মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, আরিফের সঙ্গে তিনি একসঙ্গে কাজ করতেন। আরিফ নিজেও বিবাহিত এবং কিছুদিন আগে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি ফিরে আসার পর মশিয়ারের স্ত্রী এখন বাপের বাড়িতে রয়েছেন। এতকিছুর পরেও মশিয়ার কোনো প্রতিবাদ করেননি, তা সত্ত্বেও আরিফ তাকে আচমকা গুলি করেন।