চাকরিহারাদের নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি খতিয়ে দেখবে রাজ্যের ল সেল, খসড়া বারবার খতিয়ে দেখছে নবান্ন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিহারাদের জন্য পুনরায় পরীক্ষায় বসার সুযোগ তৈরি হবে। যদিও চাকরিহারারা প্রথম থেকেই পরীক্ষা ছাড়া তাঁদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশ মান্য করা আবশ্যিক।
গতকাল বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতেই হচ্ছে।” তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চাকরিহারাদের জন্য বিকল্প পথ খোলা রাখার বিষয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। বর্তমানে রাজ্যের ল সেল এই নতুন বিজ্ঞপ্তির আইনি দিক খতিয়ে দেখছে, যাতে ভবিষ্যতে কোনো মামলা বা আইনি জটিলতা তৈরি না হয়।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের তরফে নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তির খসড়া বারবার পর্যালোচনা করছে নবান্ন। পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং নবান্ন এই প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। শিক্ষা দফতরকে নিয়মিতভাবে নবান্নে রিপোর্ট পাঠাতে হবে।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন যে, যাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে, চাকরি বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে যে তাঁরা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, তাঁরা অন্য বিভাগে যোগ দিতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন, “আলাদা ভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। এর সঙ্গে ওটার সম্পর্ক নেই। গ্রুপ সি, গ্রুপ ডি’র টা আলাদা ভাবে করব। তিন চার-দিন পরে হবে। আগে শিক্ষকদের নিয়োগের বিজ্ঞপ্তি হবে।”
প্রাথমিকভাবে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে, যা শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ মে-র মধ্যে প্রকাশিত হবে। শিক্ষক-শিক্ষিকাদের জন্য মোট ৪৪,২০৩টি শূন্যপদে বিজ্ঞপ্তি জারি হবে। এর মধ্যে নবম-দশমে ২৩,২১২টি এবং একাদশ-দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।