মধ্যরাতে জোড়া ভূমিকম্প মণিপুরে! কেঁপে উঠল বাংলাদেশের মাটিও

মঙ্গলবার মধ্যরাতে দু-দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। মাত্র কিছু সময়ের ব্যবধানে পরপর কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে মাঝরাতেই অনেকে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এই কম্পন শুধু মণিপুরেই নয়, উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশেও অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা ৫৪ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা, ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে।
এর ঠিক কিছুক্ষণ পরেই, রাত ২টা ২৬ মিনিট নাগাদ দ্বিতীয় ভূমিকম্পটি টের পাওয়া যায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৫। দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল ননী, ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে মণিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মণিপুর ছাড়াও এই ভূমিকম্পের কম্পন মেঘালয়, ত্রিপুরা এবং অসমেও অনুভূত হয়েছে। পাশাপাশি, বাংলাদেশেও মাঝরাতে কম্পন টের পাওয়া যায়। জোড়া ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হলেও, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত মার্চ মাসেই এক ঘণ্টার ব্যবধানে দুবার কেঁপে উঠেছিল মণিপুর। সেবারের ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫.৭ এবং ৪.১। প্রায় তিন মাসের ব্যবধানে আবারও ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।