বর্ষার আগমনে মুম্বাইয়ে ভাঙলো ১০৭ বছরের রেকর্ড, শহরজুড়ে লাল সতর্কতা জারি

১০৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেল বাণিজ্য নগরী মুম্বই। মে মাসের প্রাক-বর্ষার বৃষ্টি নয়, এবার বর্ষা প্রবেশ করেই ভাসিয়ে দিল গোটা শহরকে। ব্যাহত হল রেল ও সড়ক যোগাযোগ, এমনকি বিমান চলাচলেও পড়েছে প্রভাব।

৬৯ বছরের রেকর্ড ভাঙল বর্ষার আগমন
সাধারণত, মুম্বইতে বর্ষা প্রবেশের খাতায় কলমে তারিখ হল ১১ জুন। কিন্তু এবছর ৬৯ বছরের মধ্যে এত আগে কখনও বর্ষা প্রবেশ করেনি মায়ানগরী মুম্বইতে। ২৬ মেতেই বর্ষা প্রবেশ করল এ শহরে, যা দেখে বিস্মিত বহু পুরনো বাসিন্দা। এই সময়ে যেখানে শহর তীব্র গরমের দহন জ্বালা সহ্য করে, সেখানে এত আগে বর্ষার আগমন এক বিরল ঘটনা।

১০৭ বছরের মে মাসের বৃষ্টির রেকর্ড ভাঙল
সোমবার মুম্বই শহর প্রবল বৃষ্টিতে বানভাসি হয়েছে। গত রবিবার থেকেই মহারাষ্ট্রের একটা বড় অংশ বৃষ্টিতে ভিজছিল। মুম্বই এবার মে মাস জুড়েই ভালো বৃষ্টি পেয়েছে, আর সেটাই ভেঙে দিয়েছে ১০৭ বছরের রেকর্ড। ১০৭ বছরে এই প্রথম মে মাসে এত বৃষ্টি পেল আরব সাগরের ধারের শহরটি।

শহরজুড়ে লাল সতর্কতা জারি
সোমবার মুম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকার অনেক জায়গায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েই এই লাল সতর্কতা। শহরের অধিকাংশ এলাকা জলে ডুবে যাওয়ায় এবং রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় জনজীবন বিপর্যস্ত। প্রতি বছর বর্ষায় একাধিক দিন শহর স্তব্ধ হলেও, এবার বর্ষার শুরুতেই এই পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে।মুম্বইতে বর্ষার আগমনে ১০৭ বছরের রেকর্ড ভাঙল, শহরজুড়ে লাল সতর্কতা জারি