নৈহাটিতে ৫ টাকায় খাসির মাংসের ভুরিভোজ, ‘মা ক্যান্টিনের’ মানবিক উদ্যোগ

মাত্র ৫ টাকায় খাসির মাংস দিয়ে পেট ভরে খেলেন শতাধিক সাধারণ মানুষ! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক ঘটনার সাক্ষী হলো নৈহাটি পৌরসভার ‘মা ক্যান্টিন’। পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ দিনে সাধারণ মানুষের পাতে পড়লো খাসির মাংস, যা চেটেপুটে উপভোগ করলেন সকলে।

মানবিকতার প্রতীক ‘মা ক্যান্টিন’
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে প্রতিদিন আহারের ব্যবস্থা করতে পাঁচ বছর আগে চালু হয়েছিল নৈহাটি পৌরসভার এই ‘মা ক্যান্টিন’। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া এই ক্যান্টিনটি আজ পঞ্চম বর্ষে পদার্পণ করলো। আর তাই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই মেনুতে যোগ হয়েছিল খাসির মাংস।

বর্তমানে নৈহাটি এলাকায় দুটি ইউনিটে ‘মা ক্যান্টিনের’ পরিষেবা চালু রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০০ মানুষ এই ক্যান্টিন থেকে নামমাত্র মূল্যে পেটভরে খাবার পান।

এলাহি আয়োজনে খুশি সাধারণ মানুষ
বিশেষ দিন উপলক্ষে এদিনের থালিতে ছিল ভাত, ডাল, পটল-আলুর তরকারি, খাসির মাংস, পাপড় ভাজা, এবং চাটনি। মাত্র ৫ টাকায় এমন এলাহি আয়োজন দেখে খুশি সাধারণ মানুষজনও। পরিষেবা গ্রহণকারী একজন জানান, “খাবারের গুণগত মান এবং পরিমাণ অন্যান্য মা ক্যান্টিনের থেকে অনেকটাই ভালো।”

পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, “এই মা ক্যান্টিন শুধু খাবার তুলে দেওয়ার জন্যই নয়, মানবিকতারও প্রতীক।” তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনেও এই প্রকল্প এভাবেই চলবে। তার কথায়, “সঠিক পরিকল্পনা এবং ইচ্ছাশক্তি থাকলে পৌর পরিষেবাও যে মানবিক হয়ে উঠতে পারে, নৈহাটি পৌরসভার এই উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।”