অপারেশন সিঁদুরের পর এই প্রথম রোড-শো প্রধানমন্ত্রীর, হাজির কর্নেল কুরেশির পরিবার, অভ্যর্থনা জানালেন মোদী

দেশের ‘অপারেশন সিঁদুর’-এর ঐতিহাসিক সাফল্যের পর এই প্রথম কোনও রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দু’দিনের গুজরাট সফরে গিয়ে আহমেদাবাদে এক বিশাল রোড-শোতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীকে দেখতে জনসমুদ্র উপচে পড়েছিল, পুষ্পবৃষ্টির সাথে সাথে উড়েছিল দেশের পতাকা। স্থানীয়দের মধ্যে মোদীকে দেখে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, অনেকেই ‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
প্রশাসন সূত্রে জানা গেছে, মোদীর এই রোড-শো দেখতে প্রায় ৫০ হাজারেরও বেশি জনতা উপস্থিত ছিলেন। এই ভিড়ের মধ্যেই এক বিশেষ উপস্থিতি নজর কেড়েছে – ভারতীয় সেনাবাহিনীর নির্ভীক কমান্ডো কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। এই সেনা কমান্ডরের কৌশলগত নেতৃত্বেই ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় সেনাবাহিনী অভাবনীয় সাফল্য পেয়েছিল। আর আজ তাঁরই পরিবারকে প্রধানমন্ত্রীর রোড-শোতে উপস্থিত থাকতে দেখা যায়, যা এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।
এদিন প্রধানমন্ত্রীর আগমন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কর্নেল সোফিয়া কুরেশির দাদা সঞ্জয় কুরেশি বলেন, “এই মুহূর্তের কোনো বর্ণনা হয় না। আমরা প্রথমবার স্বচক্ষে প্রধানমন্ত্রীকে দেখলাম। উনিও আমাদের হাত নেড়ে অভ্যর্থনা জানান।”
উল্লেখ্য, ঠাসা কর্মসূচি নিয়ে গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার দাহোদ ও ভূজে ৮২ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এই ভূজেই, যেখানে কিছুদিন আগে পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল, সেখানেও প্রায় ৫৩ হাজার কোটি টাকার ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করবেন মোদী। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল কান্ডলা বন্দর প্রকল্প, সৌর বিদ্যুৎ প্রকল্প এবং তাপবিদ্যুৎ কেন্দ্র।
পাশাপাশি, আনন্দ-গোধরা, মেহসানা, পালনপুর, রাজকোট-হাদমাটিয়া পর্যন্ত চলা ২ হাজার কোটি টাকার রেলট্র্যাক বৈদ্যুতিকরণের একটি প্রকল্পও সোমবার উদ্বোধন করতে পারেন তিনি। ‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের পর এই উন্নয়ন প্রকল্পগুলির উদ্বোধন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দেশের সামরিক সাফল্যের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।