“যে মহিলারা তাঁদের স্বামীকে হারিয়েছেন, তাঁদের….”! পহেলগাঁও নিয়ে আজব মন্তব্য বৃদ্ধ BJP সাংসদের

ইতিমধ্যেই কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে এক বিজেপি নেতা ফাঁপড়ে পড়েছিলেন। এবার ফের একই দলের আরেক নেতা, রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্ত্রীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন। তার মতে, নিহত পর্যটকদের সঙ্গে থাকা তাদের সঙ্গিনীদের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল। এই মন্তব্যের পর দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।
সাংসদের বিতর্কিত মন্তব্য
গত ২২শে এপ্রিল (২০২৫) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। সন্ত্রাসবাদীরা মূলত পুরুষদের নিশানা করেছিল, যাদের মধ্যে অনেকেই তাদের স্ত্রীদের সঙ্গে ছিলেন। হরিয়ানার এই বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরা ভিওয়ানিতে অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “যে মহিলারা তাঁদের স্বামীকে হারিয়েছেন, তাঁদের বীরাঙ্গনার মতো আচরণ করা উচিত ছিল!”
এখানেই তিনি থেমে থাকেননি। জাংরা আরও বলেন, “যে মহিলারা তাঁদের স্বামীকে হারিয়েছেন, তাঁদের মধ্যে যোদ্ধা মহিলাদের সমতুল্য চেতনার অভাব রয়েছে।” তিনি উপলব্ধি করেন, “যে মহিলারা তাঁদের স্বামীকে হারিয়েছিলেন, তাঁদের মধ্যে উদ্দীপনা এবং শক্তি ছিল না। তাই তাঁরা হামলার শিকার হয়েছেন!”
এই বিজেপি সাংসদ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, ওই পর্যটকরা যদি অগ্নিবীর প্রশিক্ষণ নিতেন, তাহলে হতাহতের সংখ্যা কম হতো! তিনি বলেন, “আমাদের পর্যটকরা প্রশিক্ষণপ্রাপ্ত হলে তিনজন জঙ্গি ২৬ জনকে হত্যা করতে পারত না!” এমনকি, পরবর্তীতে এই প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে সাংসদ বলেন, “পর্যটকরা পাল্টা হামলা চালালে হতাহতের সংখ্যা কম হতো!” তার মন্তব্যের স্বপক্ষে তিনি ব্যাখ্যা দেন, “জঙ্গিরা এসেছিল মানুষ খুন করার উদ্দেশ্য নিয়ে। ওদের মনে কোনো করুণা ছিল না।”
पहलगाम हमले में आतंकियों ने जिनके सुहाग उजाड़ दिए, अब उनकी मर्यादा उजाड़ने का काम हरियाणा के ये भाजपा सांसद रामचंद्र जी कर रहे हैं।
ये बेहद घृणित टिप्पणी है, भाजपा की तरफ से लगातार शहीद परिवारों का अपमान हो रहा है। इस पर लगाम लगनी चाहिए। pic.twitter.com/h6mtdm5OLW
— Deepender Singh Hooda (@DeependerSHooda) May 24, 2025
রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া
রামচন্দ্র জাংরার এই অসংবেদনশীল মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো।
কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা এই মন্তব্যকে “অত্যন্ত ঘৃণ্য” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “পহেলগাঁওয়ে হামলা চালিয়ে তাঁদের স্বামীদের খুন করে ওই মহিলাদের জীবন তছনছ করে দিয়েছে সন্ত্রাসবাদীরা। আর, এখন হরিয়ানার এই বিজেপি সাংসদ রামচন্দ্রজি তাঁদের মর্যাদায় আঘাত করছেন! এটা অত্যন্ত ঘৃণ্য মন্তব্য। বিজেপি নিহতদের পরিবারগুলিকে ক্রমাগত অপমান করে চলেছে। এটা বন্ধ হওয়া উচিত।”
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও জাংরার এই মন্তব্যের নিন্দা করে বলেছেন, এই মন্তব্য “মোটেও গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, “পহেলগাঁও হামলায় আক্রান্ত মহিলাদের নিয়ে বিজেপি সাংসদ যে কুরুচিকর মন্তব্য করেছেন, তাতে নিন্দনীয় শব্দটি ব্যবহার করলেও সেটা যথাযথ হবে না। মহিলাদের শ্রদ্ধা করার পরিবর্তে তাঁদের অপমান করা হচ্ছে। এটাই বিজেপির আসল চেহারা।”