DJ বন্ধ করতে বলাই ‘অপরাধ’, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত ৬ পুলিশ

উচ্চস্বরে ডিজে বন্ধ করতে গিয়ে হুগলির ডানকুনিতে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। মহিলা পুলিশ কর্মী সহ মোট ১২ জন পুলিশ সদস্য এই হামলায় আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ উঠেছে, একটি কালীপুজোর বিসর্জন শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল, যা বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটবৃষ্টি শুরু করে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে) রাতে ডানকুনি এলাকার মোনবের বারোয়ারি কালীপূজার ভাসানের সময়। পুজো কমিটির পক্ষ থেকে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্সের আয়োজন করা হয়েছিল। পুলিশ ডিজে বন্ধ করতে গেলে প্রথমে বচসা শুরু হয়। এরপর স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে পথ অবরোধ করে। পুলিশ যখন সেই অবরোধ তুলতে যায়, তখনই তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।

এই হামলায় তিনজন মহিলা পুলিশকর্মী সহ মোট ১২ জন পুলিশকর্মী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। আজ (২২ মে) ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে এই ঘটনা প্রসঙ্গে এখনো বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, ডিজে বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর এমন হামলার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছে।