কড়া নিরাপত্তা ভেঙে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা, মহিলাকে ধরল পুলিশ

বলিউড তারকা সলমন খানের মুম্বইয়ের বান্দ্রাস্থ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জোর করে ঢোকার চেষ্টা করলেন এক মহিলা। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে। পুলিশের নজর এড়িয়ে ওই মহিলা অভিনেতার আবাসনে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। এরপর পুলিশ এসে ওই মহিলাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা ঠিক কী কারণে সলমন খানের বাড়িতে ঢুকতে চেয়েছিলেন, তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
এই প্রথম নয়, এর আগেও বহুবার সলমন খানের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা হয়েছে। প্রতিবারই এমন চেষ্টার অভিযোগে কাউকে না কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বিষ্ণোই সম্প্রদায়ের হুমকির মুখে রয়েছেন সলমন খান। এর আগে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে এবং তাঁর বাড়ির দিকে গুলিও চালানো হয়েছে। এই কারণে অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ জোরদার করা হয়েছে। মুম্বই পুলিশের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও সর্বদা সলমন খানকে ঘিরে রাখেন। এত নিরাপত্তার বেষ্টনী ভেদ করেও ফের এক মহিলার অভিনেতার বাড়িতে ঢোকার চেষ্টা চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।