আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মতো এমন পরিণতি হয়নি আর কারো, জেনেনিন বিস্তারিত

আইপিএল ২০২৫-এর শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম চার ম্যাচেই জয়, প্রথম ছয় ম্যাচে পাঁচ জয় এবং মাত্র একটি হার—দিল্লি ক্যাপিটালসকে দেখে অনেকেই টুর্নামেন্টের অন্যতম দাবিদার হিসেবে ধরে নিয়েছিলেন। কিন্তু দলের ব্যাটিং কোচ কেভিন পিটারসেন সম্ভবত তখনই ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। তার সেই বিখ্যাত টুইট, যেখানে তিনি লিখেছিলেন, “আইপিএল কোনো স্প্রিন্ট নয়, ম্যারাথন। মূল খেলা হবে মে মাসে,” আজ যেন অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হলো।

পিটারসেনের কথাই ঠিক হলো। মে মাস আসতেই ম্যারাথনে হার মানল তার দল। আইপিএলে প্রথম ছয় ম্যাচ থেকে পাঁচ জয় তুলে নেওয়া দিল্লি পরের সাত ম্যাচে জিতল মোটে এক ম্যাচ। সবশেষ বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫৯ রানের বড় ব্যবধানে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল তারা। এই হারই তাদের আরও একবার আইপিএলের বড় মঞ্চে হতাশ করল।

ইতিমধ্যেই গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস প্লে-অফ নিশ্চিত করে রেখেছিল। চতুর্থ ও শেষ দল হিসেবে শেষ চারের টিকিট কাটল আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। ৫৯ রানের বড় ব্যবধানের এই হার এক ম্যাচ হাতে রেখেই মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালসের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল।

এই হারের সঙ্গেই এমন এক দুর্ভাগ্যের রেকর্ড দিল্লির নামের পাশে উঠেছে, যা আইপিএলে এর আগে কখনোই দেখা যায়নি। আইপিএলে নিজেদের প্রথম চার ম্যাচে জয়ের পর এই প্রথম কোনো দল প্লে-অফে উঠতে ব্যর্থ হলো। এমন এক রেকর্ড নিশ্চিতভাবেই নিজেদের নামের পাশে দেখতে চায়নি দিল্লি ক্যাপিটালস।

ওয়াংখেড়েতে বুধবারের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে তারা ৫ উইকেটে ১৮০ রানের পুঁজি গড়ে। দলের পক্ষে সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। জবাবে, দিল্লি ক্যাপিটালস মাত্র ১২১ রানেই গুটিয়ে যায়। বল হাতে ৩০ রান খরচায় ১ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান ব্যাট হাতে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন। দিল্লির হয়ে এদিন ২০ এর বেশি রান করতে পেরেছেন কেবল সামি রিজভী।

প্লে-অফের আগে আইপিএলে বাকি আরও সাতটি ম্যাচ। তবে এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে কারা টিকে আছে শিরোপার প্রশ্নে। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স—এই চার দলই এখন আইপিএল ২০২৫-এর শিরোপার জন্য লড়বে।