টলিউডে ফের ভাঙনের সুর! সংসার ভাঙছে যশ-নুসরাতের? আনফলো হল ইন্সটা প্রোফাইল, কী কারণ?

টলিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি নাকি আলাদা হতে চলেছেন। কিন্তু হঠাৎ কেন এই জল্পনা মাথাচাড়া দিয়ে উঠল?

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই নাকি যশ দাশগুপ্ত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নুসরত জাহানকে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, এই জুটিকে সম্প্রতি একসঙ্গে কোথাও ঘুরতে যেতেও দেখা যায়নি। এমনকি, তাঁদের ছেলে ঈশানও নাকি মায়ের সঙ্গে আলাদাভাবে ভ্রমণে গিয়েছে। অন্যদিকে, যশ তাঁর বড় ছেলের সঙ্গে আলাদাভাবে ছুটি কাটিয়েছেন। এই ঘটনাগুলি তাঁদের বিচ্ছেদের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

নুসরত সম্প্রতি দার্জিলিং ভ্রমণে গিয়েছেন, আর যশ ছেলে রায়াংশকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। কিন্তু কেন এই আলাদা ভ্রমণ? এই প্রশ্ন ওঠার পরেই একাধিক সংবাদমাধ্যম যশের সঙ্গে যোগাযোগ করে। নুসরতকে ইনস্টাগ্রামে আনফলো করার কারণ জিজ্ঞাসা করা হলে যশ বলেন, “কেন নুসরতকে ফলো করা যাচ্ছে না, সেটা মার্ক জুকারবার্গ বলতে পারবেন। তবে আমার টিম বিষয়টি দেখছে। আমরা আলাদা হইনি। আমরা শুধু আলাদা ঘুরতে এসেছি। আমাদের সম্পর্ক যেমন ছিল, তেমনই আছে, একদম নিশ্চিন্তে।”

অর্থাৎ, অভিনেতা সমস্ত জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাঁদের বিচ্ছেদ হচ্ছে না। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নুসরত জাহানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নুসরত তাঁর ব্যক্তিগত প্রোফাইল থেকে ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি এই জনপ্রিয় জুটির বিচ্ছেদ হতে চলেছে? এই নিয়ে বিভিন্ন মহলে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে নুসরতের মা হওয়ার খবর সামনে আসার পরেই সন্তানের পিতৃপরিচয় নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে পরবর্তীতে নুসরত নিজেই জানান যে যিশানের বাবা যশ এবং তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।