SPORTS: ‘ডু অর ডাই’ ম্যাচে দিল্লির ব্যাটারের আউট নিয়ে বিতর্ক, জেনেনিন কী হয়েছিল?

আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড়ে এবার চতুর্থ দল হিসেবে নাম লিখিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে বিদায় নিশ্চিত করেছে মোস্তাফিজদের দিল্লি। তবে এই ম্যাচে দিল্লির ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক পোড়েলের একটি স্টাম্প আউট নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে, যা সোশ্যাল মিডিয়াতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১২১ রানেই গুটিয়ে যায়। এদিন ফাফ ডু প্লেসি এবং কেএল রাহুলকে প্রথম তিন ওভারের মধ্যেই হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ১৮১ রানের টার্গেটে পৌঁছাতে অভিষেক পোড়েলের কাছ থেকে বড় স্কোর আশা করা হচ্ছিল, কিন্তু তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচের কার্যত যবনিকা পড়ে যায়।
উইল জ্যাকসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল। জ্যাকের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকের জন্য ক্রিজের বাইরে এসে শট খেলতে বাধ্য হয়েছিলেন অভিষেক। আর সেই সুযোগেই উইকেটের পেছনে নিখুঁতভাবে নিজের কাজটি সারেন উইকেটরক্ষক রায়ান রিকেলটন। এরপরই সেই সিদ্ধান্ত যায় আম্পায়ারের কোর্টে। প্রাথমিকভাবে অনেকের মনে হচ্ছিল, ভিডিও রিপ্লেতে অভিষেকের পায়ের কিছুটা অংশ ক্রিজের ভেতরে রয়েছে। সাধারণত, এমন ক্ষেত্রে ব্যাটারদেরই ‘বেনিফিট অফ ডাউট’ দেওয়া হয়ে থাকে, কিন্তু এদিন সেই সুবিধা দেওয়া হলো মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে।
Abhishek porel’s back leg is not grounded inside the crease before the bails lit off
It’s a perfect decision by the 3rd Umpire#MIvsDC pic.twitter.com/S9vozfMfz9— Jaywant Yadav (@JayYadav55) May 21, 2025
আউটের পরই সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই আম্পায়ারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ অভিষেক পোড়েলের এই ঘটনা এখন ‘ট্রেন্ডিং’-এ আছে। সমর্থকরা নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কেউ কেউ আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করছেন।
যদিও একটি ভিডিওতে দেখা যায়, রিকেলটন যখন বেল উড়িয়ে দিচ্ছিলেন তখন অভিষেকের পা হাওয়ায় ছিল। অর্থাৎ, উইকেটের পেছনে মাটিতে তার পা ছিল না, যা আউট হওয়ার সপক্ষে যুক্তি দেয়। তবে আম্পায়ারের সিদ্ধান্তের পর অভিষেক পোড়েলকেও বেশ অবাক হতে দেখা যায়। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররাও ডাগআউটে আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেন, যা দেখে বোঝা যাচ্ছিল যে তারা কেউই এই সিদ্ধান্তে খুব একটা খুশি নন।
এদিনের হারের ফলেই আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও, মাঝপথে নিজেদের ছন্দ হারিয়ে প্লে-অফের টিকিট হাতছাড়া করল তারা। অন্যদিকে, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের পর চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স।