‘রক্ত নয়, শিরায় বইছে গরম সিঁদুর’, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এদিন ফের হুঁশিয়ারি দিলেন মোদী

সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে যে এর চরম মূল্য চোকাতে হবে, সেই বিষয়ে আবারও কড়া ভাষায় সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাজস্থানের বিকানেরে ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধনের পর এক বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব কীভাবে ভারত দিয়েছিল, সে কথাও তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। এই প্রসঙ্গে তিনি পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়েও পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছেন।

পহেলগাঁও হামলার জবাব: ‘২২ মিনিটে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি’
প্রধানমন্ত্রী মোদী পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে বলেন, “২২ এপ্রিল জঙ্গিরা ধর্ম জেনে আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। পহেলগাঁওয়ে গুলি চলেছিল, কিন্তু সেই গুলি ১৪০ কোটি মানুষের হৃদয় ফুঁড়ে দিয়েছিল। দেশবাসী চেয়েছিল তাদের এমন শাস্তি দেওয়া হোক, যা কল্পনারও বাইরে হবে। আপনাদের আশীর্বাদে ও সেনা বাহিনীর শৌর্যে আমরা সবাই সেই জবাব দিয়েছি।”

তিনি আরও স্পষ্ট করে জানান, “আমাদের সরকার তিন সেনাকেই খোলাছুট দিয়েছিল। তিন সেনা মিলে এমন চক্রব্যূহ তৈরি করেছিল যে পাকিস্তান মাথা নত করতে বাধ্য হয়েছে। ২২ তারিখের হামলার জবাবে জঙ্গিদের ৯টা বড় ঠিকানা ২২ মিনিটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ব ও দেশের শত্রুরা দেখেছে, সিঁদুর বারুদ হয়ে গেলে, তার ফল কী হয়।”

প্রধানমন্ত্রী এই অভিযানকে ‘ন্যায়ের নতুন রূপ’ এবং ‘অপারেশন সিঁদুর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “এটা শোধ আর প্রতিশোধের খেলা নয়। এটি ন্যায়বিচারের একটি নতুন রূপ… প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম, এখন একদম বুকে মেরেছি।” তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমি বলেছিলাম, দেশের মাথা নীচু হতে দেব না… যারা সিঁদুর মুছতে বেরিয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতীয়দের রক্ত বইয়েছে, আজ প্রতি বিন্দুর হিসাব দিতে হয়েছে।”

পাক সেনাকে মোদীর কটাক্ষ ও ‘গরম সিঁদুরের’ বার্তা
পাকিস্তানের উদ্দেশে মোদী কড়া বার্তা দিয়ে বলেন, “পাকিস্তান কোনওদিন ভারতের সঙ্গে সোজা লড়াইয়ে জিততে পারবে না। যখনই সোজা লড়াই হয়েছে তখনই ওদের মুখ লুকোতে হয়েছে। সেই কারণে পাকিস্তান সন্ত্রাসবাদকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার বানিয়েছে… কিন্তু পাকিস্তান ভুলে গেছে যে এখন মা ভারতীর সেবা করছে মোদী।” তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, “মোদীর মাথা ঠান্ডা থাকে, তবে মোদীর রক্ত গরম। মোদীর শিরায় এখন রক্ত নয়, গরম সিঁদুর বইছে।”

তিনি আরও কটাক্ষ করে বলেন, “আমি যখন দিল্লি থেকে এখানে আসি, তখন আমি বিকানেরের নল বিমানবন্দরে অবতরণ করি। রাজস্থানের এই এয়ার বেসকে টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু ওরা একটাও ক্ষতি করতে পারেনি। আর এখান থেকে কিছু দূরেই রয়েছে পাকিস্তানের রহিম ইয়ার খান এয়ার বেস… জানি না ওটা কবে খুলবে। আইসিইউ-তে পড়ে রয়েছে।”

PoK এবং জল বন্ধের কড়া হুঁশিয়ারি
পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক কেমন হবে, তা নিয়েও প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে ট্রেডও হবে না, টকও হবে না। যদি কথা হয় তবে পিওকে (পাক অধিকৃত কাশ্মীর) নিয়ে কথা হবে।”

সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে যে এর মূল্য চোকাতে হবে, তা আবারও স্মরণ করিয়ে দেন মোদী। তিনি হুঁশিয়ারি দেন, “পাকিস্তান এরপর থেকে আর ভারতের ভাগের জল পাবে না। এটা ভারতের সংকল্প। আর গোটা বিশ্বের কোনও শক্তি, আমাদের এই সংকল্প থেকে নড়াতে পারবে না।” প্রধানমন্ত্রী জোর দেন যে, বিকশিত ভারতের জন্য সমৃদ্ধির পাশাপাশি সুরক্ষাও অত্যন্ত জরুরি।