IPL-এর ফাইনাল পেল না ইডেন, ম্যাচ চলে গেল কোথায়? হতাশ বাংলার ক্রিকেট প্রেমীরা

জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল-এর ফাইনাল ম্যাচ এবার আর ইডেন গার্ডেন্সে হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। প্রাথমিকভাবে টুর্নামেন্ট শুরুর আগে দেওয়া সূচিতে কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ হওয়ার কথা ছিল। এমনকি উদ্বোধনী ম্যাচও ইডেনে হয়েছিল।
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর বাকি ম্যাচগুলোর জন্য নতুন করে সূচি তৈরি করা হয়। সেই সময়ই কলকাতা ভেন্যু থেকে বাদ পড়ে। ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, ফাইনাল ছাড়াও গুজরাটের আহমেদাবাদে টুর্নামেন্টের কোয়ালিফায়ার টু-ও আয়োজিত হবে। কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটর খেলা হবে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড মুল্লানপুর স্টেডিয়ামে।
প্লে-অফের ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে আবহাওয়া ছিল মূল আলোচ্য বিষয়। আগেই জানানো হয়েছিল, সেই সময় কলকাতার আবহাওয়া খারাপ থাকতে পারে, যার কারণে ইডেনকে বিবেচনায় রাখা হয়নি। একই কারণে হায়দরাবাদ স্টেডিয়ামকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং সেখানকার দুটি ম্যাচ মুল্লানপুরে সরিয়ে নেওয়া হয়।
যদিও পরিবর্তিত সময়সূচী ঘোষণার সময় বিসিসিআই প্লে-অফ ম্যাচগুলির ভেন্যু উল্লেখ করেনি। সে সময় কেবল জানানো হয়েছিল যে ম্যাচগুলি কলকাতা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। লজিস্টিক সীমাবদ্ধতার কারণে টুর্নামেন্টটি ১০টির পরিবর্তে ৬টি ভেন্যুতে সীমাবদ্ধ রাখা হয়।
গত চার বছরে এই নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৃতীয় আইপিএল ফাইনাল হতে চলেছে। এর আগে ২০২২ এবং ২০২৩ সালের ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল। ২০২৩ সালে বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন খেলা রিজার্ভ ডে-তে গড়িয়েছিল এবং সেদিনও বৃষ্টি হয়েছিল। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ফাইনাল দেখার জন্য সমর্থকরা কার্যত ভোর রাত অবধি গ্যালারিতে অপেক্ষা করেছিলেন। এবারও এই স্টেডিয়ামেই ফাইনাল অনুষ্ঠিত হবে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।