“১৮০ দিনের বেশি ভারতে থাকতে হলে…?”-বিদেশিদের জন্য অভিবাসন বিধিতে বড় বদল

নাগরিকত্ব সংশোধনী বিধির পর এবার অভিবাসন সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতে আসা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হচ্ছে। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের রুখতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভিসার নিয়মে বড় বদল নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসা কোনো বিদেশি নাগরিক যদি ভিসার মেয়াদ শেষের পরও এ দেশে থাকতে চান, তবে তাঁকে মেয়াদ শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এতদিন নিয়ম ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকত। কেন্দ্র সেই নিয়ম বাতিল করেছে। এখন থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যে কোনো সময় তাঁকে সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্ত করতে হবে। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, জরুরি বা ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এই ধরনের আবেদন অনুমোদনের সম্ভাবনা খুবই কম।
শিশুর নাগরিকত্ব ও বাবা-মায়ের জন্য কিছুটা স্বস্তি নতুন এই সংশোধনীতে কিছুটা স্বস্তি মিলেছে সেই সব পরিবারে, যেখানে বাবা বা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক। পুরনো নিয়ম অনুযায়ী, ভারতে কোনো শিশুর জন্ম হলে বাবা-মাকে ৩০ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন অফিসারকে বিষয়টি জানাতে হতো। সেই নিয়ম না মানলে শিশুর নতুন ভিসা পাওয়া বা ভারত ছাড়ার অনুমতি পাওয়া কঠিন ছিল। সংশোধিত নিয়মে, যদি বাবা-মায়ের একজন ভারতীয় হন এবং তাঁরা শিশুর ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তবে আর ৩০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে জানানোর প্রয়োজন নেই। তবে, ওই শিশু যদি ভারতে থাকাকালীন অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তবে সেই নাগরিকত্ব পাওয়ার ৩০ দিনের মধ্যে বাবা-মাকে অবশ্যই রেজিস্ট্রেশন অফিসারকে তা জানাতে হবে।
কেন এই কড়াকড়ি? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে যেসব বিদেশি নাগরিক পর্যটক বা অন্য স্বল্পমেয়াদী ভিসা নিয়ে এসে অবৈধভাবে দীর্ঘসময় ভারতে থেকে যাচ্ছেন, তাঁদের ওপর নজরদারি চালাতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।