TMC কাউন্সিলরকে ভাড়া দেওয়া ফ্ল্যাটে বিস্ফোরণে, উড়ে গেল ফ্ল্যাটের দেওয়াল

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে তৃণমূল কাউন্সিলরের ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণে দেওয়াল উড়ে গিয়ে পাশের বস্তিতে পড়ল। এই ঘটনায় যদিও হতাহতের কোনো খবর নেই, তবে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে রিয়াজউদ্দিন অবশ্য দাবি করেছেন যে ফ্ল্যাটটি তার নামে ভাড়া নেওয়া হলেও সেখানে তার নিয়মিত যাতায়াত ছিল না। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ভিন্ন।
সোমবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকার বাসিন্দারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেই ওপর থেকে ইট-পাথর নিচে পড়তে শুরু করে। এরপর দেখা যায় একটি বহুতলের ৫ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে এবং সেই ফ্ল্যাটের দেওয়াল সম্পূর্ণভাবে উড়ে গেছে। জানা যায়, এই ফ্ল্যাটটি গত নির্বাচনের সময় স্থানীয় কাউন্সিলর আরমান মণ্ডল একজন প্রোমোটারের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন। তবে ফ্ল্যাটটিতে কেউ স্থায়ীভাবে থাকতেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে, আর সে কারণেই এই ভয়াবহ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
এদিকে, ফ্ল্যাটের দেওয়াল ভেঙে পড়া ইটের টুকরো পাশের বস্তির উপর এসে পড়ে। এর ফলে বস্তির বেশ কয়েকটি টালির চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনার খবর পেয়ে দ্রুত টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছে বহুতলটি এবং সতর্কতা হিসেবে পাশের বস্তিটিও খালি করে দেয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের একটি ঘরের প্রায় ১০ ফুটের দেওয়াল ভেঙে নিচে পড়েছে। ১০ ইঞ্চি পুরু দেওয়াল ভেঙে পড়ার কারণে নীচের বস্তির টালির চালগুলো ভেঙে গেছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই ফ্ল্যাটের চাবি কাউন্সিলর আরমান মণ্ডলের কাছেই থাকত। যদিও অভিযুক্ত কাউন্সিলর আরমান মণ্ডল এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ফ্ল্যাটটি তার নামে ভাড়া নেওয়া হলেও তিনি সেখানে থাকতেন না এবং তার কোনো জিনিসও সেখানে ছিল না।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফ্ল্যাটের ভেতরে মজুত বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। কী কারণে ফ্ল্যাটের ভেতরে বোমা মজুত ছিল এবং এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই বিস্ফোরণের নেপথ্যে কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনা টিটাগড় এলাকায় নতুন করে বোমাবাজি ও দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।