‘চিন থেকে নেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের কোনও কাজেই আসেনি’! দাবি অমিত শাহর

ভারতের হাতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, অথচ চিন থেকে নেওয়া তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজে আসেনি। গুজরাটে দাঁড়িয়ে এমনই জোরালো দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে অমিত শাহের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আহমেদাবাদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছেন যে, এর আগে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকগুলো মূলত পাক অধিকৃত কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে ‘অপারেশন সিঁদুরে’র সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি এবং তাদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। তিনি এই অভিযানকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন।

তাঁর কথায়, “আমাদের বিমানবাহিনীর সুনির্দিষ্ট আক্রমণে পাকিস্তানের অনেক জায়গার ব্যাপক ক্ষতি হয়েছে, যা এত দিন দুর্ভেদ্য বলে পরিচিত ছিল।” অমিত শাহ অভিযোগ করেন, আগে পাকিস্তান সবসময় বলত যে তাদের দেশে কোনো সন্ত্রাসবাদী নেই এবং কোনো সন্ত্রাসী কার্যকলাপ হয় না। কিন্তু ‘অপারেশন সিঁদুরে’র জন্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের মিথ্যাচার বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে বলে তিনি দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, এই অপারেশনের পরের দিন পাকিস্তানি সেনাকর্তাদের উপস্থিতিতে নিহত জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, যা পাকিস্তান সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের যোগসাজশ প্রমাণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে সীমান্ত সুরক্ষার ইতিহাস লেখা হলে ‘অপারেশন সিঁদুরে’র নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইচ্ছাশক্তি, ভারতীয় সশস্ত্র বাহিনীর দক্ষতা এবং আঘাত করার ক্ষমতা এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলির দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থানে সন্ত্রাসের আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে।”

ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা উল্লেখ করে শাহ বলেন, “বিশ্বজুড়ে তরুণরা ওয়েবে ব্রহ্মোস খুঁজছে। ব্রহ্মস কী? চিন থেকে ধার করা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং আমাদের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রগুলি পাকিস্তানের বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে।” উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই নির্দিষ্ট অপারেশনে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রয়োগের বিষয়টি এখনও স্পষ্টভাবে নিশ্চিত করেনি।

আহমেদাবাদে ‘অপারেশন সিঁদুরে’র সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন। এই যাত্রায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এবং বেশ কয়েকজন বিজেপি নেতাও অংশ নেন।

এর আগে শনিবার একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে অমিত শাহ বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি হামলার যে জবাব দেওয়া হয়েছে তাতে অবাক হয়ে গিয়েছে গোটা বিশ্ব। পাকিস্তান আতঙ্কে কাঁপছে। ধ্বংস করে দেওয়া হয়েছে জইশ, লস্করের মতো সন্ত্রাসবাদীদের হেড কোয়ার্টার। আমাদের সেনা জঙ্গিদের এমন জবাব দিয়েছে যে ১০০ কিমি দূরে বসে থাকা সন্ত্রাসের আঁতাতদের শিবির গুড়িয়ে গিয়েছে।” অমিত শাহের এই মন্তব্যগুলো ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদ দমনে ভারত সরকারের কঠোর অবস্থানকে পুনরায় সামনে এনেছে।