ঝড়-বৃষ্টিতে ভিজবে বাংলা! সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস? যা জানাল আবহাওয়া দফতর

তীব্র গরম আর বাতাসে জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গে যে অস্বস্তি চলছিল, তা থেকে কিছুটা মুক্তি মেলার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
আজও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বেলা বাড়লে গরম ও অস্বস্তি আরও বাড়বে। তবে এই অস্বস্তি থেকে রেহাই দিতে পারে বৃষ্টি। পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ হয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা হরিয়ানা ও রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত। এছাড়াও বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর দিয়েও একটি অক্ষরেখা রয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা ও আসামে সক্রিয় ঘূর্ণাবর্তের পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই সমস্ত আবহাওয়া জনিত পরিস্থিতির প্রভাবেই বাংলাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এর প্রভাবে তাপমাত্রা সামান্য কমতে পারে, যা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। কলকাতা সহ প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামীকাল থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। আগামী তিনদিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। বিশেষ করে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি বেগে তীব্র ঝড়ের সম্ভাবনা বেশি। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।
এর মধ্যেই স্বস্তির খবর হল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ এগোচ্ছে। নির্ধারিত দিনের পাঁচদিন আগেই গত ১৩ মে এটি নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছিল। পরিস্থিতি অনুকূল থাকায় আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, মালদ্বীপ, কোমোরিন এলাকা এবং দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের আরো কিছু এলাকায় প্রবেশ করবে। মৌসুমি বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশের দিকেও অগ্রসর হবে।
কলকাতাতেও ঝড়বৃষ্টির ফলে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা নামবে। আজকের সকাল মনোরম হলেও বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। তবে বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার পর্যন্ত। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে।