Sunday Special Recipe: চটজলদি এভাবে বানিয়ে ফেলুন পাঠার মাংস কষা, জমে যাবে খাওয়া দাওয়া, শিখেনিন

রবিবার মানেই দুপুরবেলাটা জমিয়ে খাওয়া দাওয়ার প্ল্যান। আর মেনুতে মাংস থাকবে না, তা কি হয়? মুরগির মাংসের সঙ্গে যদি থাকে পাঠার মাংস, তাহলে তো পাতে আর কিছুই লাগে না। তবে এবার না হয়, সেই পাঠার মাংসের ঝোল নয়, বানান মাংসের কষা একটু অন্যরকম ভাবে! এই রেসিপি ফলো করলে আপনার রবিবারের ভূরিভোজ একেবারে জমে যাবে। রইল সেই স্পেশাল রেসিপি।
উপকরণ:
পাঠার মাংস: ১ কেজি
পেঁয়াজ কুচি: ২ কাপ (থেঁতলানো)
আদা বাটা: ১ চামচ
রসুন: গোটা দশেক (কিছু বাটার জন্য, কিছু গোটা দেওয়ার জন্য)
ধনে গুঁড়ো: ১ চা চামচ
জিরা গুঁড়ো: ১ চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চামচ (স্বাদমতো)
হলুদ গুঁড়ো: ১ চামচ
গোটা গরম মশলা: পরিমাণমতো (এলাচ, লবঙ্গ, দারচিনি)
নুন: স্বাদমতো
ঘি: ২ চামচ
সর্ষের তেল: ১০০ গ্রাম
জল: প্রয়োজন মতো
প্রস্তুত প্রণালী:
১. একটি কড়াইতে সর্ষের তেল ও ঘি গরম করুন।
২. তেল গরম হলে থেঁতলানো পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভাজুন।
৩. পেঁয়াজ ভাজা হলে, গোটা রসুনের কিছু অংশ বেটে নিয়ে সেই রসুন বাটা এবং আদা বাটা কড়াইতে দিয়ে ভালো করে কষান।
৪. এবার একটি বাটিতে ১ কাপ জলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে গুলে নিন। এই মশলার মিশ্রণটি কড়াইতে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে দিয়ে দিন। মশলা ভালো করে কষিয়ে তেল উপরে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
৫. মশলা কষানো হলে মাংস দিয়ে দিন এবং ভালো করে মশলার সঙ্গে নাড়তে থাকুন, যাতে সমস্ত মশলা মাংসের গায়ে লেগে যায়।
৬. মাঝারি আঁচে মাংস কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে মাংস থেকে সুগন্ধ বেরোলে, গোটা গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
৭. এবার ঢাকা দিয়ে কম আঁচে দশ মিনিট রান্না হতে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন, যাতে পাত্রের তলায় লেগে না যায়।
৮. দশ মিনিট পর গোটা রসুনের যে অংশটি রেখেছিলেন তার থেকে ৫-৬ কোয়া গোটা রসুন মাংসের মধ্যে দিয়ে দিন। ভালো করে নাড়ুন যাতে রসুনগুলিতে মশলা মেখে যায়।
৯. এবার প্রায় ৪ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখুন।
১০. একটু পরে স্বাদমতো নুন দিয়ে দিন এবং ঝোল ফুটতে দিন।
১১. আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন যতক্ষণ না মাংস সুসিদ্ধ হচ্ছে। সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে রান্না করুন। প্রয়োজন হলে আরও অল্প গরম জল যোগ করতে পারেন।
ব্যাস, তৈরি আপনার স্পেশাল পাঠার মাংসের কষা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং রবিবারের দুপুরটা জমিয়ে উপভোগ করুন।