১ লা জুন থেকে বদলে যাচ্ছে ট্রাফিক আইন, নতুন নিয়ম ও জরিমানার বিধি সম্পর্কে জেনেনিন

সড়ক দুর্ঘটনা হ্রাস করা, ট্রাফিক নিয়ন্ত্রণে আনা এবং দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুন ২০২৫ তারিখ থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সংশোধিত ট্রাফিক আইন। এই নতুন নিয়মগুলো অত্যন্ত কঠোর হতে চলেছে এবং এর কোনো রকম লঙ্ঘন করলে নাগরিকদের বড় অঙ্কের জরিমানা বা গুরুতর আইনি সমস্যার সম্মুখীন হতে হবে। জেনে নিন নতুন এই ট্রাফিক আইনের গুরুত্বপূর্ণ দিকগুলি।

আগামী ১ লা জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন ট্রাফিক আইনে সাধারণ লঙ্ঘনের জন্য জরিমানার পরিমাণ পূর্বের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যেমন, যদি কোনো বাইক আরোহী হেলমেট না পরে বাইক চালান, তাহলে তাঁকে আগের তুলনায় দ্বিগুণ জরিমানা গুনতে হবে, যা ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে, গাড়ি চালানোর সময় সিট বেল্ট না পরা, মোবাইল ফোনে কথা বলা কিংবা রেড লাইট অমান্য করার মতো লঙ্ঘনের ক্ষেত্রেও জরিমানার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। রেড লাইট ভাঙলে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত এবং মোবাইল ব্যবহার করে গাড়ি চালালে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত গতি সীমা (স্পিড লিমিট) লঙ্ঘনের ক্ষেত্রেও অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো চালক যদি বারবার স্পিড লিমিট অমান্য করেন, তাহলে তার ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। নির্ধারিত গতি সীমা অতিক্রম করলে প্রথম বারেই জরিমানা করা হবে, পুনরাবৃত্তি ঘটলে লাইসেন্স সাময়িক সাসপেন্ড হতে পারে এবং একই ভুল তৃতীয়বার করলে ড্রাইভিং লাইসেন্স স্থায়ীভাবে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনবোধে চালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত রুজু করা হতে পারে।

বাইকে শিশুদের নিয়ে চলাচলের ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী, বাইকে থাকা শিশুর জন্যও হেলমেট পরা বাধ্যতামূলক। শিশুদের হেলমেট না পরালে বাইক চালককে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এছাড়াও, সড়কে বীমা বিহীন গাড়ির সংখ্যা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, যেই সব গাড়ির ইনস্যুরেন্স আপডেট থাকবে না, সেই গাড়িগুলিকে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ করা হবে না।

ট্রাফিক আইন প্রয়োগে এবার প্রযুক্তিকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে। আগামী দিনে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে স্মার্ট ট্রাফিক ক্যামেরা এবং সেন্সর যুক্ত সিগন্যাল সিস্টেম বসানো হবে। এর ফলে ওভার স্পিডিং, রেড লাইট লঙ্ঘন এবং বেআইনি ইউ টার্নের মতো সকল ট্রাফিক লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী ১ জুন থেকে ট্রাফিক আইন লঙ্ঘন করলে জরিমানার ডিটেইলস সরাসরি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস ও WhatsApp মারফত পৌঁছে যাবে। এর ফলে কোনো রকম অজুহাত দেখানোর আর সুযোগ থাকবে না।

সবশেষে মনে রাখা দরকার, ১ জুন ২০২৫ থেকে ভারতে ট্রাফিক আইনে বড় রকমের পরিবর্তন আসছে। এই নতুন নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানা যেমন জরুরি, তেমনই কঠোরভাবে মেনে চলা আরও বেশি জরুরি। এই নিয়মগুলো না মানলে শুধু বড় অঙ্কের জরিমানা নয়, লাইসেন্স বাতিল বা অন্যান্য আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে। সুতরাং, নিজে সতর্ক থাকুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং অন্যকেও এ বিষয়ে সচেতন করুন।