সচিনকন্যা সারার মনে কী বলিপাড়ার সিদ্ধান্ত? অভিনেত্রী হিসেবে কী আসতে চলেছেন তারকা?

তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেটিজেনদের কৌতূহল সবসময়ই তুঙ্গে থাকে। আপাতত তেমনই আলোচনার কেন্দ্রে রয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা তেন্ডুলকর। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে তাঁর প্রেমচর্চা একসময় শিরোনামে থাকলেও, সম্প্রতি বলিউডের অন্দরে গুঞ্জন ছিল যে তিনি নাকি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর মন দিয়েছেন এবং অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন। তবে এই সমস্ত জল্পনা ও গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সারা নিজেই তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।
সোশাল মিডিয়াতে সারা তেন্ডুলকর যথেষ্ট সক্রিয় এবং তাঁর ব্যক্তিগত জীবন বা গতিবিধি নিয়ে নেটিজেনদের আগ্রহ প্রচুর। কিছুদিন আগে ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তীব্র জল্পনা ছিল। এরপর সম্প্রতি বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল যে, তিনি নাকি বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে আছেন এবং খুব শীঘ্রই অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন শচীন-কন্যা।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে সারা স্পষ্ট করে দিয়েছেন যে – বলিউড বা অভিনয় তাঁকে মোটেই টানে না। অভিনেত্রী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করার কোনো ইচ্ছে তাঁর নেই।
সারা জানিয়েছেন, তিনি স্বভাবগতভাবে ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী এবং ক্যামেরার সামনে নিজেকে মোটেই স্বচ্ছন্দ মনে করেন না। তাই সিনেমা বা অভিনয় তাঁর জায়গা নয়। ওই সাক্ষাৎকারে সারা তাঁর শৈশব, বিজ্ঞানপ্রীতি এবং সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সারা বলেন, “আমি নানা ধরনের কাজ করি। শচীন তেন্ডুলকর ফাউন্ডেশন আমার ফুলটাইম ফোকাস। পাশাপাশি ফ্যাশন, বিউটি আর লাইফস্টাইল কনটেন্ট নিয়েও কাজ করি। তবে সব কিছু করি নিজের মনের কথা শুনে।” তিনি যোগ করেন, “আমি এমন কিছুতে রাজি হই না যা আমার সঙ্গে যায় না। আর অভিনয় আমার বিষয় নয়। আমি অন্তর্মুখী স্বভাবের, ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় লাগে। ছবিতে অভিনয়ের সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি কারণ আমি জানি, এই কাজটা আমার জন্য নয়। এতে আনন্দ নয়, বরং উদ্বেগই বাড়বে।”
২৭ বছর বয়সী সারা জানিয়েছেন, তিনি বেড়ে উঠেছেন চিকিৎসা, সমাজসেবা আর খেলাধুলার মতো একটি আবহের মধ্যে, তবে ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক ছিল একেবারেই পড়াশোনার দিকে। খেলাধুলায় কোনওদিনই বিশেষ আগ্রহ ছিল না তাঁর। বরং মানবদেহ, শারীরবিজ্ঞান এসব বিষয়ই তাঁকে আসল টানত। তিনি বায়োমেডিকেল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করার পর লন্ডনের ইউনিভার্সিটি কলেজ (UCL) থেকে ক্লিনিকাল নিউট্রিশন ও পাবলিক হেলথে মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি শচীন তেন্ডুলকর ফাউন্ডেশনের একজন ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সব মিলিয়ে এককথায় সারা তেন্ডুলকর স্পষ্ট করে দিলেন যে – তিনি ক্যামেরা এবং গ্ল্যামার জগতের চেয়ে সমাজসেবা, বিজ্ঞান এবং বাস্তব দুনিয়াতেই নিজের জায়গা খুঁজে পেয়েছেন এবং সেখানেই তিনি মনযোগ দিতে চান। বলিউড বা অভিনয়ের জগতের প্রতি তাঁর কোনো আকর্ষণ নেই।