টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা, নুতুন অধিনায়ক হিসেবে কাকে দেখেন প্রাক্তন কোচ কুম্বলে?

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার এবং অধিনায়ক রোহিত শর্মা আচমকা টেস্ট ফরম্যাট থেকে তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন। এর ফলে নতুন করে প্রশ্ন উঠেছে ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম চর্চায় থাকলেও, ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে মনে করেন যশপ্রীত বুমরাহ এই পদের জন্য সেরা ব্যক্তি।

বুধবার (৭ মে) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান। তিনি লেখেন, ”টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছি। আপনাদের সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ওয়ানডে ফরম্যাটে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব।” এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে তিনি সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন, তবে টেস্টে তাঁর দীর্ঘ এবং বর্ণময় কেরিয়ারের ইতি টানলেন।

রোহিতের এই অবসরের ঘোষণার পরপরই ভারতীয় ক্রিকেট মহলে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, সেই আলোচনা জোরদার হয়েছে। আইপিএলের পরেই ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে এবং মনে করা হচ্ছে সেই সফরেই নতুন অধিনায়ক টিম ইন্ডিয়ার টেস্ট দলকে নেতৃত্ব দেবেন।

অধিনায়কত্বের দৌড়ে বেশ কয়েকটি নাম থাকলেও, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) একটি সূত্রের খবর অনুযায়ী, নির্বাচকদের ভোট তরুণ ওপেনার শুভমান গিলের দিকেই। তাঁকে টেস্টের সম্ভাব্য পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। তবে ভারতের প্রাক্তন কিংবদন্তী স্পিনার এবং কোচ অনিল কুম্বলে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন এবং তাঁর দৃষ্টিতে ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহই এই পদের জন্য সেরা।

অনিল কুম্বলে মনে করেন, ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ সহজাত নেতা এবং এই মুহূর্তে তিনিই ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সেরা ব্যক্তি। কুম্বলে তাঁর যুক্তি দিয়ে বলেছেন, ”বুমরাহ সহজাত নেতা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে বুমরাহকেই দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। আমার মতে, বুমরাহই পরবর্তী অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে যোগ্য।” বুমরাহের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় বুদ্ধিকে গুরুত্ব দিয়েছেন কুম্বলে।

অনেকে মনে করছেন, হয়তো রোহিত শর্মা অনেক আগেই নিজের ভবিষ্যৎ বুঝতে পেরে গিয়েছিলেন। নির্বাচকরা তাঁর টেস্ট ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন, বিশেষ করে অধিনায়কত্ব নিয়ে, তা হয়তো তিনি আঁচ করতে পেরেছিলেন। ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার স্থির করে ফেলা হয়েছিল এমন কানাঘুষো শোনা যাচ্ছিল ক্রিকেট মহলে। এসব পরিস্থিতি দেখেই হয়তো রোহিত নিজেই সম্মানজনকভাবে নিজের টেস্ট কেরিয়ারকে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান ঘটালেও, ফোকাস এখন সম্পূর্ণভাবে পরবর্তী অধিনায়কের উপর। শুভমান গিল অথবা যশপ্রীত বুমরাহ – কার হাতে উঠবে টেস্ট দলের ব্যাটন, সেটাই এখন দেখার বিষয়।

Editor001
  • Editor001