OMG! উড়তে উড়তে হঠাৎ ভেঙে পড়ল হেলিকপ্টার, কমপক্ষে ৫ জনের মৃত্যু

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে একটি ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত বলে জানা গেছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকালে গঙ্গনানী এলাকার কাছে ঘটে।
স্থানীয় সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ হেলিকপ্টারটি গঙ্গনানীর কাছাকাছি ভেঙে পড়ে। আরোহীদের নিয়ে এটি গঙ্গোত্রীর দিকে যাচ্ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টার ছিল এবং মোট ৭ জন আরোহী ছিলেন কপ্টারটিতে।
গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে এই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উদ্ধারকাজে সহায়তার জন্য পুলিশ, সেনাবাহিনী, রাজ্য দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা দল (SDRF), QRT টিম, ১০৮ অ্যাম্বুলেন্স সহ তহসিলদার ভাটওয়াড়ি, বিডিও ভাটওয়াড়ি এবং রাজস্ব বিভাগের দলও দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত শুরু করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।