৭ মে দেশজুড়ে মক ড্রিল ও ব্ল্যাকআউট, ইডেনে কেকেআর-সিএসকে ম্যাচে কি প্রভাব পড়বে?

পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সরকার একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দৃঢ় ব্যবস্থা নেওয়ার পর এবার দেশজুড়ে মহড়া এবং ব্ল্যাকআউট অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ী, আগামী বুধবার, ৭ মে সারাদেশে একটি মহড়া পরিচালিত হবে এবং রাতে কিছু নির্দিষ্ট এলাকায় ব্ল্যাকআউট অনুশীলন করা হবে। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন উঠেছে যে, এই মহড়া কি আইপিএল ম্যাচগুলিতে কোনও প্রভাব ফেলবে? বিশেষ করে আগামী ৭ মে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংস (CSK) এর মধ্যে ইডেনে যে ম্যাচটি রয়েছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই ম্যাচে ব্ল্যাকআউট হলে খেলাটি কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
৭ মে কি KKR (Kolkata Knight Riders) বনাম CSK ম্যাচটি নির্বিঘ্নে সম্পন্ন হবে?
সুখবর হল, KKR বনাম CSK ম্যাচে ব্ল্যাকআউটের কোনও প্রভাব পড়বে না। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী বুধবার পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় মহড়া এবং ব্ল্যাকআউট আয়োজিত হবে, তবে সেই তালিকায় কলকাতার নাম নেই। এছাড়াও, যদি কলকাতাতেও ব্ল্যাকআউট হয়, তবুও ইডেন গার্ডেন্সের ম্যাচের উপর এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
এর প্রধান কারণ হলো, কলকাতা ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন রাজ্য সরকারের বিদ্যুৎ ব্যবহার করা হয় না। দিবা-রাত্রির ম্যাচগুলির জন্য ইডেনের নিজস্ব জেনারেটরের ব্যবস্থা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আইপিএল ম্যাচের সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জেনারেটর ভাড়া করে থাকে। ইডেন গার্ডেন্সে চারটি লাইট টাওয়ার রয়েছে যেখানে মোট ৪৮৪টি আলো বসানো আছে, যা জেনারেটরের মাধ্যমে চালিত হয়।
আইপিএল-এ KKR-এর জন্য এটি একটি “ডু অর ডাই” ম্যাচ:
উল্লেখ্য, চলতি আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তবে কলকাতা নাইট রাইডার্স এখনও প্লে-অফের দৌড়ে টিকে আছে। ১১টি ম্যাচের মধ্যে KKR ৫টিতে জয়লাভ করেছে এবং তাদের হাতে এখনও ৩টি ম্যাচ বাকি রয়েছে। প্লে-অফে যেতে হলে KKR-কে তাদের বাকি ৩টি ম্যাচের প্রতিটিতেই জয়ী হতে হবে, সেক্ষেত্রে তাদের মোট পয়েন্ট হবে ১৬। অর্থাৎ, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ম্যাচে হারলে চলতি বছরের আইপিএল থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।