“কংগ্রেসের অতীতের সব ভুলের দায় নিতে প্রস্তুত”- রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার ঘটনায় কংগ্রেসের ভূমিকার বিষয়ে মুখ খুলে বিতর্কের জন্ম দিয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, কংগ্রেস অতীতে যে ভুলগুলো করেছে, তার সবকিছুর দায় নিতে তিনি প্রস্তুত। 1 এই ঘটনাকে তিনি ‘ভুল’ বলেও অভিহিত করেন। রায়বরেলির সাংসদের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে সাড়া ফেলেছে এবং এর জেরে বিজেপি পাল্টা কটাক্ষ করেছে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক শিখ ছাত্রের প্রশ্নের মুখে পড়েন রাহুল গান্ধী। ওই ছাত্র প্রশ্ন করেন, “শিখদের সঙ্গে মিটমাট করার কোনও চেষ্টাই করেননি আপনি। তবুও আপনি আমাদের ভয় পেতে বলছেন, বিজেপির ভারত কেমন হবে এটা বলে?”
এর জবাবে রাহুল গান্ধী বলেন, “প্রথমত, আমি মনে করি না যে শিখদের ভয় পাওয়ার মতো কিছু আছে। যে সময় এসব ঘটেছে, সে সময় আমি ছিলাম না। কিন্তু, আমি খুবই খুশি যে ইতিহাসে কংগ্রেস যা ভুল করেছে তার দায়িত্ব নিতে প্রস্তুত।” কংগ্রেস নেতা আরও যোগ করেন, “আমি প্রকাশ্যেই বলছি যে আশির দশকে যা ঘটেছিল, তা ভুল। আমি বহুবার স্বর্ণমন্দিরে গিয়েছি। শিখ সম্প্রদায়ের সঙ্গে আমার যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে।”
রাহুল গান্ধীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, “শুধু ভারত নয়, এখন বিশ্বেও উপহাসের শিকার হচ্ছেন রাহুল গান্ধী।”