Axis Bank, ICICI Bank সহ ৫ ব্যাঙ্কের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল RBI, গ্রাহকরা অবশ্যই পড়ুন

সাইবার নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী, KYC নির্দেশিকা এবং অন্যান্য গ্রাহক পরিষেবা বিধি ঠিকঠাক মেনে না চলার অভিযোগে দেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। তালিকাভুক্ত ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদার মতো প্রতিষ্ঠান।
শুক্রবার RBI-এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয় যে, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক সহ মোট পাঁচটি ব্যাঙ্কের উপর আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা বিভিন্ন নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ না করার কারণেই এই জরিমানা করা হয়েছে।
জানা গিয়েছে, নিয়ম লঙ্ঘনের দায়ে বেসরকারি খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান আইসিআইসিআই ব্যাঙ্ককে ৯৭.৮০ লক্ষ টাকা জরিমানা করেছে RBI। অভিযোগ, সাইবার সুরক্ষার জন্য রিজার্ভ ব্যাঙ্কের যে নির্দিষ্ট কাঠামো বা ফ্রেমওয়ার্ক রয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক তা অনুসরণ করেনি। এছাড়াও, KYC (Know Your Customer) সংক্রান্ত নিয়মাবলী এবং ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহারের জন্য যে বিধি রয়েছে, সেগুলিও ঠিকমতো মানেনি এই ব্যাঙ্ক।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অব বরোদার উপরেও ৬১.৪০ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। ফিনান্সিয়াল সার্ভিস এবং কাস্টমার সার্ভিস সংক্রান্ত নির্দেশিকাগুলি যথাযথভাবে অনুসরণ না করার জন্যই এই জরিমানা বলে RBI জানিয়েছে।
অন্যান্য ব্যাঙ্কের মধ্যে, আইডিবিআই ব্যাঙ্ককে কিসান ক্রেডিট কার্ডে ঋণ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ না করার জন্য ৩১.৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রকে KYC সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘনের দায়ে ৩১.৮০ লক্ষ টাকা জরিমানা করেছে RBI। এছাড়া, বেসরকারি খাতের আর এক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ককে ২৯.৬০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে অফিস এবং ইন্টারন্যাল অ্যাকাউন্টগুলি বিনা অনুমতিতে ব্যবহার করার মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে।
রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে, আর্থিক প্রতিষ্ঠানগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রক সংস্থার নিয়মাবলী মেনে চলতে হবে এবং গ্রাহকদের নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে কোনো আপস বরদাস্ত করা হবে না।