“এ কারণেই পেহেলগামে হামলা হয়েছিল”- রেগে গিয়ে গানের মঞ্চেই বলে উঠলেন সনু নিগম

বিভিন্ন সময়ে শো বা কনসার্টে নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছেন ভারতীয় তারকারা। এবার সেই তালিকায় নাম জুড়ল জনপ্রিয় গায়ক সনু নিগমের। সম্প্রতি ব্যাঙ্গালুরুর একটি কলেজের অনুষ্ঠানে কন্নড় ভাষায় গান না গাওয়ায় দর্শকাসনের এক ছাত্র তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন সনু। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ গায়ক এবং ওই ছাত্রের অসহিষ্ণু আচরণকে তিনি কাশ্মীরের পেহেলগাম জঙ্গি হামলার সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করেছেন।
ঘটনাটি ঘটে সম্প্রতি ব্যাঙ্গালুরুর একটি কলেজের অনুষ্ঠানে। মঞ্চে তখন গান গাইছিলেন সনু নিগম এবং অনুষ্ঠান জমে উঠেছিল। তারই মাঝে দর্শকাসন থেকে এক ছাত্র আচমকা উঠে দাঁড়িয়ে কন্নড় ভাষায় গান করার জন্য চিৎকার শুরু করেন।
সনুর দাবি, ওই ছাত্রের আচরণ মোটেও ভালো ছিল না এবং তার বলার ধরণ ছিল অনেকটা হুমকি দেওয়ার মতো। ছাত্রের এমন আচরণে স্বাভাবিকভাবেই রেগে যান সনু। তিনি সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন এবং সরাসরি ছাত্রটিকে ও উপস্থিত অন্য দর্শকদের উদ্দেশ্য করে বলতে শুরু করেন।
সনু বলেন, “আমি ক্যারিয়ারের শুরু থেকে নানা ভাষায় গান গেয়েছি, তার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি যখন এখানে আসি, কর্নাটকের অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমার কর্নাটকেও নানা অনুষ্ঠান থাকে এবং আপনারা আমার সঙ্গে সব সময় পরিজনদের মতো ব্যবহার করেন।”
এরপরই ওই ছাত্রের আচরণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কিন্তু আমি ওই ছেলেটির আচরণ মোটেও পছন্দ করিনি। কারণ, যে ছেলেটি কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য দুর্ব্যবহার করছে, আমি তার জন্মের অনেক আগে থেকে কন্নড় গান গাই।”
ঘটনার সবচেয়ে বিতর্কিত অংশটি আসে যখন সনু ওই ছাত্রের অসহিষ্ণুতাকে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল। দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাকে দেখুন। আমি গোটা বিশ্বে হাজার হাজার শো করি। বহু অনুরাগী সেখানে আসেন। কিন্তু দেখছি গুটিকয়েক মানুষ কন্নড় ভাষায় গানের জন্য চিৎকার করছেন।”
তিনি দর্শকদের শান্ত করার চেষ্টা করে বলেন, “আমি অবশ্যই কন্নড় ভাষায় এক লাইন হলেও গাইব। আমি সকলকে সম্মান করি। সুতরাং দয়া করে একে অপরের প্রতি দয়ালু হোন এবং সম্মানের সঙ্গে ব্যবহার করুন।”
এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই সনুর পাশে দাঁড়িয়েছেন এবং ওই ছাত্রের আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন। তাদের মতে, একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ কখনোই কাম্য নয়। উল্লেখ্য, ইদানিংকালে ভারতীয় শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান বা শো-তে দর্শকদের একাংশের পক্ষ থেকে নানা রকম অবাঞ্ছিত আচরণের সম্মুখীন হচ্ছেন। সনুর এই প্রতিক্রিয়া সেই সমস্যার উপর আরও একবার আলো ফেলেছে।