OMG! গাড়ি চালানো শিখতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, ব্যস্ত রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি

ব্যস্ত রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল এক মারাত্মক দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারলে স্কুটি চালক এক মহিলা গুরুতর জখম হন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার কচুয়া মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় সঙ্গীতা ঘোষ রায় নামে এক মহিলা একটি চারচাকা গাড়ি চালানো শিখছিলেন। চালকের আসনের পাশে বসে তাঁকে প্রশিক্ষণ দিচ্ছিলেন তাঁর দাদা অর্কদীপ্ত রায়। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি উল্টোদিক থেকে আসা একটি স্কুটিকে ধাক্কা মারে।
ধাক্কা লাগার তীব্রতায় স্কুটিটি রাস্তার এক পাশে ছিটকে উল্টে যায়। স্কুটির চালক নন্দিতা সিংহ ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। আহত নন্দিতা সিংহ অশোকনগরের মানিকতলা এলাকার বাসিন্দা। সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আহত নন্দিতাকে উদ্ধার করে দ্রুত অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চারচাকা গাড়ির চালক সঙ্গীতা ঘোষ রায় এবং তাঁর দাদা অর্কদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে অশোকনগর থানার পুলিশ। স্কুটি এবং চারচাকা গাড়ি দুটিকে ক্রেনের মাধ্যমে রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় কচুয়া মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একজন প্রতক্ষ্যদর্শী জানান, “আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ খুব জোরে একটি আওয়াজ হয়। তার পরই এক মহিলার চিৎকার শুনতে পাই। আমরা সবাই দৌড়ে ঘটনাস্থলে যাই। দেখি স্কুটি চালক মহিলা রাস্তায় পড়ে আছেন। আমরা সবাই মিলে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।” ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।