“সিলেবাস ধরে শুধু পড়াশোনা করলে হবে না…”-এবারে মাধ্যমিকে প্রথম আদৃত হতে চান ডাক্তার

অধ্যাবসায়, কঠোর পরিশ্রম আর ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অগাধ ভালোবাসা— এই তিন মন্ত্রেই ভর করে মাধ্যমিক ২০২৫-এ রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। ৬৯৬ নম্বর পেয়ে সে রাজ্যের মেধা তালিকার শীর্ষে নিজের জায়গা করে নিয়েছে।
রাজ্যে প্রথম হওয়ার খবর শুনে উচ্ছ্বসিত অদৃত তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, “মেধা তালিকায় থাকব ভেবেছিলাম, কারণ পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু প্রথম হব, এমনটা সত্যি আশা করিনি। যখন খবরটা পেলাম, তখন খুবই ভালো লাগছিল, আনন্দ ধরে রাখতে পারিনি।”
নিজের পড়াশোনার পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে অদৃত জানায়, ক্লাস টেনে ওঠার পর থেকেই সে বিশেষভাবে পড়াশোনার প্রতি মনোযোগী হয়েছিল। দৈনিক আট থেকে দশ ঘণ্টা নিয়মিত পড়াশোনা করত সে। কোনও নির্দিষ্ট বাঁধা ধরা রুটিনের চেয়ে ধারাবাহিকতাতেই বেশি বিশ্বাসী ছিল অদৃত।
বিজ্ঞান বিষয়ের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে অদৃতর, তার প্রিয় বিষয় বায়োলজি। ভবিষ্যতে একজন সফল ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে তার।
রায়গঞ্জ করোনেশন হাইস্কুল বরাবরই ভালো ফলাফলের জন্য পরিচিত। অদৃত তার এই সাফল্যের পেছনে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অপরিসীম সাহায্য এবং সঠিক গাইডেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেছে। পাঠ্যক্রমের বাইরে গল্পের বই পড়তে ভালো লাগে তার, যা তার মানসিক বিকাশে সহায়ক হয়েছে।
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তার বিশেষ বার্তা হলো: “বাঁধা ধরা নিয়মে শুধু রুটিন মেনে পড়াশোনা করলে খুব একটা লাভ হয় না। শুধু সিলেবাস ধরে পড়লেই হবে না, প্রতিটি বিষয় ভালোভাবে বুঝতে হবে। ভালো ফল করতে হলে বছরের শুরু থেকেই নিয়মিত ও মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমিও ঠিক সেটাই করতাম। এই ভাবেই সাফল্য আসবে।”
অদৃত সরকারের এই সাফল্য রায়গঞ্জ শহর এবং তার স্কুল করোনেশন হাইস্কুলের জন্য গর্ব বয়ে এনেছে। তার এই ফল আগামী দিনের ছাত্রছাত্রীদের জন্য এক বড় অনুপ্রেরণা।