INDvsPAK: পাকিস্তানি বিমান ও ফাইটার জেটের সিগন্যাল হবে ‘জ্যাম’, ভারতীয় সেনার বহুমুখী কৌশল

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। এই হামলার কড়া জবাব কি শীঘ্রই দিতে চলেছে ভারত? ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এরই অংশ হিসেবে পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এই আবহে এবার আরও এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে পশ্চিম সীমান্তে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) ব্যাহত করতে জ্যামিং সিস্টেম স্থাপন করেছে ভারত। জানা যাচ্ছে, পাকিস্তানি সামরিক বিমানগুলোর নেভিগেশন ব্যবস্থা অকার্যকর করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানি সেনা বিমানগুলো মূলত আমেরিকা, রাশিয়া এবং চিনের তৈরি বিভিন্ন নেভিগেশন প্ল্যাটফর্ম যেমন জিপিএস (GPS), গ্লোনাস (GLONASS) এবং বেইদু (BeiDou) ব্যবহার করে থাকে। ভারতে স্থাপিত নতুন জ্যামিং সিস্টেম এই ধরনের নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করতে এবং সেগুলোকে ব্যাহত করতে সক্ষম।

এর আগে বুধবার রাতেই ভারত পাকিস্তানের অসামরিক বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কোনো পাকিস্তানি সংস্থার বিমান এখন আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত নিজেদের পশ্চিম সীমান্তে এই জ্যামার সিস্টেম বসাল।

পহেলগাঁও হামলার পর সারাদেশে যখন বদলার রব উঠেছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পাল্টা প্রত্যাঘাত করার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কখন, কোথায় এবং কীভাবে এই প্রত্যাঘাত করা হবে, তা সম্পূর্ণরূপে সেনাবাহিনীই নির্ধারণ করবে। কাশ্মীরে ইতিমধ্যেই জঙ্গি দমন অভিযান জোরদার করা হয়েছে এবং বেশ কয়েকজন জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত-পাক সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরও পাওয়া যাচ্ছে, যেখানে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। জঙ্গি হামলার পাল্টা হিসেবে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং সিন্ধু জল চুক্তি স্থগিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, এই হামলার জন্য পাকিস্তানকে ‘কল্পনাতীত শাস্তি’ দেওয়া হবে এবং ‘কঠোরতম পদক্ষেপ’ নেওয়া হবে।