OMG! পেটে তীব্র ব্যথা রোগীর, অপারেশন করতেই বেরোল প্রায় ৭ কেজির টিউমার, অবাক সকলে

পেটে তীব্র ব্যথা নিয়ে বনগাঁর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলার শরীর থেকে সাত কিলোগ্রামের একটি বিশাল টিউমার সফলভাবে অপসারণ করে নতুন জীবন দিলেন চিকিৎসকরা। জটিল এবং ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বর্তমানে রোগী স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
জানা গেছে, মেহেরপুরের মেহেরপুর গোপালনগর থানার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের সাগর বিবি দীর্ঘ দিন ধরে পেটের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। এর আগে তিনি বিভিন্ন স্থানে অনেক চিকিৎসক দেখালেও তাঁর সমস্যার সঠিক কারণ নির্ণয় বা সমাধান হয়নি। অবশেষে তিনি বনগাঁর ওই বেসরকারি হাসপাতালে আসেন চিকিৎসার জন্য।
এখানে পরীক্ষা-নিরীক্ষার পর গাইনোকোলজিস্ট চিকিৎসক পলাশ বিশ্বাস দেখতে পান সাগর বিবির গর্ভাশয়ে একটি বিশাল আকারের টিউমার রয়েছে, যার ওজন প্রায় ৭ কেজি। এর আকার প্রায় একটি তরমুজের সমান। চিকিৎসকের কাছে স্পষ্ট হয় যে, এই বিশাল টিউমারটি দ্রুত অস্ত্রোপচার করে বের না করলে রোগীর জন্য বড়সড় বিপদ হতে পারে।
চিকিৎসক পলাশ বিশ্বাসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রোগীর পূর্ববর্তী দুটি জটিল অস্ত্রোপচারের ইতিহাস। এই পরিস্থিতিতে অস্ত্রোপচার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও রোগীর জীবন বাঁচাতে আর দেরি না করে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার সাগর বিবির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেদিনই অস্ত্রোপচার শুরু করা হয়।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে এই জটিল অপারেশনটি চলে। অভিজ্ঞ গাইনোকোলজিস্ট চিকিৎসক পলাশ বিশ্বাস, অ্যানেসথেটিস্ট এন.সি. মল্লিক এবং অন্যান্য চিকিৎসকদের একটি বিশেষ দল দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জিং অস্ত্রোপচার সম্পন্ন করেন।
অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনটি অত্যন্ত জটিল ছিল, তবে বর্তমানে সাগর বিবি ভালো এবং স্থিতিশীল আছেন। তাঁকে হাসপাতালের পর্যবেক্ষণে নিবিড় পরিচর্যা বিভাগে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, যদি সঠিক সময়ে এই বিশাল টিউমারটি অপসারণ করা না হতো, তবে রোগীর শারীরিক জটিলতা মারাত্মক আকার ধারণ করতে পারত।
এই কঠিন অস্ত্রোপচারে সাফল্য আসায় রোগী সাগর বিবির পরিবার এবং বনগাঁর ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা সকলেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন এবং খুশি প্রকাশ করেছেন। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত এবং দক্ষতাই রোগীর জীবন বাঁচাতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে।