কাশ্মীর ঘুরতে গিয়ে আটকে পড়েছেন, ঘরে ফিরবেন কিভাবে? জেনেনিন স্পেশাল ট্রেনের খোঁজ

এক সময়ের স্বপ্নের মতো সাজানো উপত্যকা পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালি গত ২২ এপ্রিল পরিণত হয়েছে এক রক্তাক্ত বধ্যভূমিতে। জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন নিরাপরাধ পর্যটককে নির্মমভাবে হত্যা করেছে, তাও আবার তাঁদের ধর্ম পরিচয় জেনে আলাদা করে। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। এই ঘটনার পর বৈসরণ উপত্যকা অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাশ্মীরে থাকা সমস্ত পর্যটককে দ্রুততার সাথে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই উদ্বেগজনক পরিস্থিতিতে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে থাকা পর্যটকরা এখন দ্রুত নিজেদের বাড়িতে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। অনেকে আতঙ্কে বিনা রিজার্ভেশনেই ট্রেনে চেপে বসছেন। পর্যটকদের এই ভিড় এবং ঘরে ফেরার তীব্র তাগিদ সামাল দিতে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বিশেষ করে, উত্তর রেলওয়ের তরফে কাটরা থেকে দিল্লি পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। গত ২৩ এপ্রিল থেকেই এই বিশেষ ট্রেনটি চলাচল শুরু করেছে। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে ট্রেনটি কাটরা স্টেশন থেকে দিল্লির উদ্দেশে ছাড়বে এবং যাত্রীদের সুবিধার্থে উধমপুর ও জম্মু-তাওয়াই স্টেশনগুলিতেও স্টপেজ দেবে। পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে ট্রেনটি দিল্লি পৌঁছবে।
কেবল কাটরা-দিল্লি রুটেই নয়, পর্যটকদের দ্রুত ফেরানোর জন্য শ্রীনগর-দিল্লি এবং শ্রীনগর-মুম্বই রুটেও মোট চারটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে এই বিশেষ ট্রেনগুলির সময়সূচি এবং টিকিট বুকিং সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
এছাড়াও, পর্যটকদের ফেরাতে আকাশপথেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষকে অতিরিক্ত বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে। সড়কপথেও নিরাপত্তা জোরদার করে পর্যটকদের কাশ্মীর থেকে বেরিয়ে আসতে সাহায্য করা হচ্ছে। পহেলগাঁওয়ের এই হামলার ঘটনা যে কাশ্মীরের পর্যটন শিল্পে এক বড় ধাক্কা দিয়েছে, এই পরিস্থিতি তারই স্পষ্ট ইঙ্গিত।