দিল্লি LG সাক্সেনার দায়ের করা ২৪ বছরের পুরনো মানহানির মামলায় গ্রেফতার ‘মেধা পাটেকর’ !

দীর্ঘ ২৪ বছরের পুরনো এক মানহানির মামলায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন প্রখ্যাত সমাজকর্মী এবং নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তাঁর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। শুক্রবার পুলিশ মেধা পাটেকরকে গ্রেফতার করে কারণ তিনি আদালতের নির্দেশ অনুযায়ী প্রবেশন বন্ড জমা দেননি।

উল্লেখ্য, ২০০০ সালে দায়ের হওয়া এই মামলাতেই নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকরের বিরুদ্ধে গত বুধবার দিল্লির একটি আদালত জামিন অযোগ্য পরোয়ানা (Non-Bailable Warrant) জারি করেছিল। জামিন অযোগ্য পরোয়ানা জারির পর প্রবেশন বন্ড জমা না দেওয়ায় শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

এই মানহানির মামলার সূত্রপাত ২০০০ সালে। সেই বছরের ২৫ নভেম্বর প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেধা পাটেকর অভিযোগ করেছিলেন যে ভি কে সাক্সেনা গোপনে নর্মদা বাঁচাও আন্দোলনকে সমর্থন করছেন। অথচ সাক্সেনার নিজস্ব এনজিও গুজরাট সরকারের বিতর্কিত সর্দার সরোবর প্রকল্পকে সক্রিয়ভাবে সমর্থন করছিল, যার তীব্র বিরোধিতা করছিল এনবিএ। পাটেকর আরও অভিযোগ করেছিলেন যে সাক্সেনা এনবিএকে যে চেক দিয়েছিলেন, সেটি বাউন্স হয়েছিল।

মামলাটির দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত বছর (২০২৪ সালের মে মাসে) একটি ম্যাজিস্ট্রেট আদালত মেধা পাটেকরের ওই বক্তব্যকে মানহানিকর বলে রায় দেয় এবং তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দেয় (১ জুলাই, ২০২৪)। তবে পরবর্তীতে অতিরিক্ত দায়রা বিচারক এএসজে সিং তাঁর সাজা স্থগিত করেন এবং ২৯ জুলাই, ২০২৪ তারিখে তাঁকে জামিন মঞ্জুর করেন। চলতি বছরের ৮ এপ্রিল দিল্লির সাকেত আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বিশাল সিং এই মামলায় মেধা পাটেকরকে এক বছরের জন্য প্রবেশন (probation) মঞ্জুর করেন। সেই সময় বিচারক মন্তব্য করেন যে, একজন সমাজকর্মী হিসেবে মেধা পাটেকর তাঁর কাজের জন্য পুরষ্কার পেয়েছেন, কিন্তু তাঁর অপরাধ (মানহানি) এমন গুরুতর নয় যে এর জন্য জেলের সাজা দিতে হবে। এত আইনি প্রক্রিয়ার পরও প্রবেশন বন্ড জমা না দেওয়ায় অবশেষে তাঁকে গ্রেফতার হতে হল।