Recipe: গ্রীষ্মের দুপুরের ভাতের সাথে থাক এঁচোড়ের আম কাসুন্দি, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

গ্রীষ্মের আগমনে বাজারে এখন কচি এঁচোড়ের ছড়াছড়ি। বাঙালির হেঁশেলে এঁচোড় মানেই নানা পদের সম্ভার। ডালনা থেকে শুরু করে শুক্তো বা মুইঠ্যা, সবেতেই এঁচোড়ের অবাধ বিচরণ। পরিচিত এই সব রান্নার বাইরে আজ আপনাদের জন্য রইল এঁচোড়ের একটি ভিন্ন স্বাদের রেসিপি – ‘এঁচোড়ের আম কাসুন্দি’। গরমের দুপুরে পাতে নতুনত্ব আনতে এই পদটি হতে পারে অনবদ্য।
এই রেসিপির বিশেষত্ব হলো এতে আলুর প্রয়োজন নেই, যা এঁচোড়ের অনেক প্রচলিত পদ থেকে এটিকে আলাদা করে তুলেছে। তবে যারা আলু পছন্দ করেন, তারা অবশ্যই যোগ করতে পারেন। নিচে আলু ছাড়া এই বিশেষ পদটি তৈরির পদ্ধতি দেওয়া হলো:
উপকরণ:
এঁচোড়: ৬০০ গ্রাম (খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে কাটা)
পেঁয়াজ কুচোনো: ১টি মাঝারি (সরু করে কাটা)
পেঁয়াজ বাটা/কুরে নেওয়া: ১টি মাঝারি
রসুন বাটা: ৮-১০ কোয়া
আদা বাটা: দেড় টেবিল চামচ
কাঁচা আম কোরানো: ১টি মাঝারি
কাঁচালংকা: ৪টি (চেরা)
ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ
গোটা গোলমরিচ: ১ চা চামচ
জিরা বাটা: দেড় টেবিল চামচ
গোটা জিরা: ১ চা-চামচ
শুকনো লংকা: ৪-৫টি
সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ
কাসুন্দি: ৪-৫ টেবিল চামচ
নুন: স্বাদমতো
পদ্ধতি:
১. প্রথমে কড়াইতে জল দিয়ে তাতে সামান্য নুন এবং হলুদ মিশিয়ে এঁচোড়ের টুকরোগুলি ভাপিয়ে নিন।
২. একটি পাত্রে ঈষদুষ্ণ গরম জলে ৩টি শুকনো লংকা ভিজিয়ে রাখুন। ভেজানো শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ একসঙ্গে মিক্সিতে দিয়ে বেটে নিন।
৩. এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটি শুকনো লংকা ফোড়ন দিন। এরপর কুচোনো পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন।
৪. পেঁয়াজ ভাজা হলে তাতে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে কষাতে শুরু করুন। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে গোলমরিচ ও শুকনো লঙ্কা বাটা এবং জিরা বাটা দিয়ে দিন।
৫. সামান্য নুন দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। মনে রাখবেন, কাসুন্দিতেও নুন থাকে, তাই নুনের পরিমাণ বুঝে দেবেন।
৬. মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে কাঁচালংকা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলি দিয়ে দিন।
৭. এঁচোড় মশলার সাথে ভালোভাবে কষিয়ে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন।
৮. মিনিট পাঁচেক পরে কোরানো আম এবং কাসুন্দি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার রান্না হতে দিন। এই পর্যায়ে একবার নুন চেখে দেখতে পারেন।
৯. এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে এলে উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
মনে রাখবেন, এঁচোড়ের আম কাসুন্দিতে প্রচলিত এঁচোড়ের তরকারির মতো বেশি ঝোল থাকবে না, বরং এটি একটু মাখা মাখা হবে। গরম ভাতের সাথে এই পদটি আপনার গ্রীষ্মকালীন ভোজনে এক নতুন মাত্রা যোগ করবে।