Weather: ঝড়বৃষ্টিতে ভিজবে রাজ্য! জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা, রয়েছে গরম বাড়ার পূর্বাভাস

দিন দুয়েকের ভ্যাপসা গরম আর অস্বস্তি থেকে সাময়িক রেহাইয়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে আবহাওয়া কিছুটা স্বস্তি দিলেও, গরম থেকে পুরোপুরি রেহাই মিলবে না। রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
গত দুয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল। জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি ছিল চরমে। যদিও বৈশাখের হালকা হাওয়ার কারণে সন্ধের পর কিছুটা স্বস্তি মিলেছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাজ্যজুড়ে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ মোট ১১টি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—এই সাতটি জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, আবহাওয়া দফতর জানিয়েছে আজ তুমুল বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, অসম, অরুণাচল প্রদেশ, বিহার এবং জম্মু ও কাশ্মীর সহ দেশের বিভিন্ন রাজ্যে।
তবে এই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পর্ব কাটলেই রাজ্যের আবহাওয়া ফের শুষ্ক হতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, এরপর রাজ্যের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ, ঝড়বৃষ্টির পর গরম আবারও বাড়বে। ফলে, সাময়িক স্বস্তি মিললেও, বৈশাখের গরমের দাপট আবারও টের পাবে রাজ্যবাসী।