এলিয়েনরা বাবার অঙ্গ নিয়ে গেছে! টেক্সাসে পুত্র কর্তৃক পিতৃহত্যার চাঞ্চল্যকর জবানবন্দি

সম্প্রতি টেক্সাসের একটি নৃশংস হত্যাকাণ্ড সংবাদ শিরোনামে উঠে এসেছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এক ব্যক্তি তার বাবাকে খুন করার পর পুলিশি জেরায় অদ্ভুত এক দাবি করেছে। তার বিশ্বাস, এলিয়েনরা তার বাবার দেহের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গেছে।
এল পাসো পুলিশ বিভাগ জানিয়েছে, ৩৯ বছর বয়সী জেইম তার ৭৪ বছর বয়সী বাবা ভিক্টর জেরার্ডো কন্ট্রেরাসকে খুন করে এবং পেটের ভেতর থেকে দেহাংশ বের করে আনে। সোমবার ভিক্টরের অন্য ছেলে বাবার খোঁজ না পেয়ে তাঁর ঘরে যান। সেখানে পৌঁছে তীব্র দুর্গন্ধ পান এবং দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাবার দেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে, গোটা ঘরে রক্তের দাগ ছড়িয়ে ছিল।
তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত জেইমকে মাঝ রাস্তায় আটক করে। সে তার বাবার জিপ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ জানিয়েছে, জেইমের হাতেও গভীর ক্ষত রয়েছে। জেরায় জেইম জানায়, তার বাবাকে খুন করার আগেই এলিয়েনরা নাকি বৃদ্ধের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে চলে গিয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, মৃতের মাথায় গভীর আঘাত এবং গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এই অস্বাভাবিক দাবি এবং নৃশংস হত্যাকাণ্ড টেক্সাসে চাঞ্চল্য সৃষ্টি করেছে।