ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা, নিহত বহু

মার্কিন সেনাবাহিনী শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ১৩টি বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলি ইয়েমেনের রাজধানী সানা এবং হুতি বিদ্রোহীদের দখলে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর হোদেইদাকে কেন্দ্র করে চালানো হয়। হুতিদের মিডিয়া অফিস মার্কিন হামলার খবর নিশ্চিত করেছে। যদিও শনিবারের এই হামলাগুলিতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হুতি বিদ্রোহীরা জানিয়েছে যে মার্কিন বাহিনী হোদেইদায় একটি বিমানবন্দর এবং একটি বন্দরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে। লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হুতিদের ধারাবাহিক হামলার জবাবে এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইজরায়েলের উপর হামলার প্রতিশোধ হিসেবে ওয়াশিংটন মাসব্যাপী এই অভিযান চালাচ্ছে।
তবে এর আগে, গত বৃহস্পতিবার হোদেইদা প্রদেশের রাস এসা বন্দরে মার্কিন হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ওই হামলায় ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হন। ইরান-সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান বোমা হামলা অভিযানের মধ্যে এটি ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ। হুতি স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে যে গত ১৬ মার্চ থেকে মার্কিন অভিযানে ইয়েমেনে প্রায় ২০০ জন নিহত হয়েছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে তারা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে, তবে সম্ভাব্য বেসামরিক হতাহতের বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানালেও বলেছে যে এই হামলাগুলি ইয়েমেনের জনগণের ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়নি।
রাস ইসা বন্দরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকের উদ্ধৃতি দিয়ে শনিবার গুতেরেস বলেন, রাস এইসায় হামলার পাশাপাশি ইজরায়েল এবং জাহাজ চলাচল রুটে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। মহাসচিব মনে করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক আইনকে সর্বদা সম্মান করতে হবে। তিনি সকলের কাছে নাগরিকদের পাশাপাশি অবকাঠামোকে সম্মান ও সুরক্ষা দেওয়ার আবেদন জানান।
লোহিত সাগরে বাণিজ্য পথ নিরাপদ রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার কথা বলে আমেরিকা এই অভিযান চালাচ্ছে। হোদেইদার উপর হামলাগুলি মাসব্যাপী মার্কিন বোমা হামলারই অংশ। এই সংঘাতের ফলে ইয়েমেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।