স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রিভিউয়ার পদে নিয়োগ, বেতন ৬৫ হাজার পর্যন্ত

বিহারের বেগুসরাইয়ে চলন্ত ট্রেনে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার তিলরথ থেকে জামালপুরগামী একটি ট্রেনে এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তবে চালকের সময়োচিত তৎপরতায় একটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি এবং বহু যাত্রীর প্রাণ বেঁচে গেছে।

প্রাথমিক খবর অনুযায়ী, ট্রেনটির ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ট্রেন এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। প্রাণ বাঁচাতে অনেকেই জানালা দিয়ে কিংবা দরজা খুলে চলন্ত ট্রেন থেকে রেললাইনে ঝাঁপ দেন।

পরিস্থিতি বেগতিক দেখে ট্রেনের চালক দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেন। চালকের এই নির্ভীক এবং দ্রুত সিদ্ধান্তেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রেন থামার পর আতঙ্কে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদ আশ্রয়ের জন্য রেললাইনে নেমে পড়েন। খবর দেওয়া হয় পরবর্তী স্টেশনে।

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা এবং দমকল কর্মীরা। তাঁদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার প্রায় দু’ঘণ্টা পর ওই ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে রেলের তরফে এখনও পূর্ণ ব্যাখ্যা মেলেনি। তবে অনুমান করা হচ্ছে, রেলের ইঞ্জিনেই কোনও যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, যা চালকের দ্রুত পদক্ষেপের ফল বলেই বিবেচিত হচ্ছে। ভারতীয় রেলের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরেই জানা যাবে।