ক্লাসের মধ্যেই মদের আসর, ছাত্রদের কাপে মদ ঢালছেন শিক্ষক! দেখেনিন ভাইরাল সেই ভিডিও

ক্লাসরুমে চলছে পাঠদান, আর শিক্ষক কিনা কাপে ঢালছেন মদ! শুধু তাই নয়, সেই মদ তুলে দিচ্ছেন খুদে পড়ুয়াদের হাতে। এমনকি বলছেন, জল মিশিয়ে খেতে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এটি কোনও ভুয়ো ভিডিও নয়। মধ্যপ্রদেশের এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত শিক্ষককে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষক একটি কাপে তরল ঢালছেন, যা দেখে মনে হচ্ছে মদ। এরপর তিনি সেই কাপ ছাত্রদের দিকে এগিয়ে দিচ্ছেন এবং তাদের সেটি পান করার প্রস্তাব দিচ্ছেন। ভিডিওতে শিক্ষককে এক ছাত্রকে বলতেও শোনা যায়, “জলের সঙ্গে মিশিয়ে খাবি।”
এই নিন্দনীয় বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। কাটনির জেলাশাসক দিলীপ কুমার যাদব জেলা শিক্ষা আধিকারিক ওপি সিংকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরই অভিযুক্ত শিক্ষক লাল নবীন প্রতাপ সিংকে আচরণবিধি লঙ্ঘন, শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং অপ্রাপ্তবয়স্কদের মদ্যপানে উৎসাহিত করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে।
अब मुझे पूरा यकीन हो गया कि मेरा देश बदल रहा है। मध्य प्रदेश के कटनी में शिक्षक लाल नवीन प्रताप सिंह ने बच्चों को शराब पिलाई। pic.twitter.com/aHeyITL3Th
— Manraj Meena (@ManrajM7) April 19, 2025
এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং অভিভাবকরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি উত্তর প্রদেশেও এক চিকিৎসক একই ধরনের অমানবিক কাণ্ড ঘটিয়েছিলেন। সর্দি-কাশির চিকিৎসা করাতে আসা এক শিশুকে তিনি জোর করে ধূমপান করিয়েছিলেন। এই দুটি ঘটনাই শিক্ষক ও চিকিৎসকদের মতো দায়িত্বশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নীতিবোধ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।