“ইলন মাস্কের সঙ্গে কথা হল…!”-টেসলার এন্ট্রি সঙ্গে আরও কী কী আলোচনা মোদীর, জানালেন নিজেই

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নিজেই এই তথ্য জানিয়েছেন। তাঁদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষত, ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার প্রবেশ নিয়ে আলোচনা হয়েছে, যা এই ফোনালাপকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ইলন মাস্কের সঙ্গে কথা হল। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছরে ওয়াশিংটনে আলোচনার সময় যে বিষয়গুলি উত্থাপিত হয়েছিল, সেগুলি নিয়েও কথা হয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আমেরিকার সঙ্গে অংশীদার হতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ব্লেয়ার হাউসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন ইলন মাস্ক। সেই সময় প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান এবং টেসলার সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।
Spoke to @elonmusk and talked about various issues, including the topics we covered during our meeting in Washington DC earlier this year. We discussed the immense potential for collaboration in the areas of technology and innovation. India remains committed to advancing our…
— Narendra Modi (@narendramodi) April 18, 2025
ভারতে টেসলার প্রবেশ নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, টেসলার আধিকারিকরা শীঘ্রই ভারত সফরে আসতে পারেন। মাস্কের টেসলাকে আমদানি শুল্কে ছাড় পেতে ভারত সরকারের প্রকল্পের অধীনে আবেদন করতে হবে। সূত্রের দাবি, টেসলার উৎপাদনের জন্য পছন্দের গন্তব্য মহারাষ্ট্রের চাকান এবং ছত্রপতি শম্ভাজি নগর ও গুজরাট। মনে করা হচ্ছে, মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি ভারতে ৩ থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে।
ব্লুমবার্গের এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক থেকে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুতে টেসলার গাড়ি বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে। এই ফোনালাপ এবং টেসলার তৎপরতা ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে।