BJP-র নতুন সভাপতি কে? জল্পনা তুঙ্গে, মে মাসেই হতে পারে বড় ঘোষণা

বিজেপির জাতীয় সভাপতি পদে জেপি নাড্ডার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যেও বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, চলতি মাসের শেষ বা মে মাসের শুরুতেই নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হতে পারে।

সূত্রের দাবি, বিজেপিতে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ওই বৈঠকে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং ওড়িশার নতুন সভাপতিদের নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিজেপিতে জাতীয় সভাপতি নির্বাচনের জন্য ১৯টি রাজ্যে নির্বাচন প্রয়োজন। এই রাজ্যগুলিতে সভাপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই জাতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। সূত্রের খবর, এ মাসের শেষ বা মে মাসের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এর আগে, সংবাদসংস্থা পিটিআই-এর এক খবরে বিজেপির এক শীর্ষ নেতার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছিল যে, ফেব্রুয়ারির শেষেই নাড্ডার উত্তরসূরি নির্বাচন করা হতে পারে। কিন্তু ফেব্রুয়ারি মাস পেরিয়ে এপ্রিল মাস চলে এলেও এখনও পর্যন্ত বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হয়নি।

২০২৪ সালে তৃতীয় মোদী সরকারে জেপি নাড্ডাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি বিজেপির সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাড্ডাকে সভাপতি করা হয়েছিল। সভাপতি পদের মেয়াদ তিন বছর। ২০২৪ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে নাড্ডার মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার নতুন বছরে নাড্ডাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনে জিতে তিনি সাংসদ হয়েছেন। এবার তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। মেয়াদ শেষ হলে সুকান্তের জায়গায় অন্য কাউকে আনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে সুকান্ত মজুমদারকেই বিজেপির রাজ্য সভাপতি পদে বহাল রাখা হয়েছে।