ভেন্টিলেশনে থাকা বিমানসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিতর্কে মুখ খুলল নামকরা হাসপাতাল

গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এক বিমানসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে অবশেষে মুখ খুলল মেদান্ত হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই ৪৬ বছর বয়সি এয়ার হোস্টেসের অভিযোগের তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

মেদান্ত হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “একজন রোগীর অভিযোগ সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। এই পর্যায়ে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত প্রাসঙ্গিক নথি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রসঙ্গত, নির্যাতিতা বিমানসেবিকা অভিযোগ করেছেন যে গত ৬ এপ্রিল তিনি যখন ভেন্টিলেটর সাপোর্টে আইসিইউতে ছিলেন, তখন হাসপাতালেরই কোনো এক কর্মী তাঁকে যৌন হেনস্থা করে। তিনি জানান, ঘটনার সময় তিনি অচেতন ছিলেন এবং ভয়ে কিছু বলতে পারেননি। গত ১৩ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি তাঁর স্বামীকে বিষয়টি জানান, যিনি এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তারা হাসপাতালের ডিউটি ​​চার্ট খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, হাসপাতালের নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে, তারা এই ঘটনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। মেদান্ত হাসপাতাল কর্তৃপক্ষের এই বিবৃতি ঘটনার তদন্তে কতটা সহায়ক হবে, তা সময়ই বলবে।