“অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই”-পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি ভারতের

ভারতের ওয়াকফ (সংশোধনী) আইনের (Waqf Law) সমালোচনা করেছে পাকিস্তান। এই বিষয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি (India-Pakistan)। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ‘অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনও অধিকার প্রতিবেশী দেশটির নেই’। পাশাপাশি, পাকিস্তানকে তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি মনোভাব খতিয়ে দেখার পরামর্শও দিয়েছে ভারত।

এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতের ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন মন্তব্য আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার পাকিস্তানের নেই।’ তিনি আরও বলেন, ‘সংখ্যালঘুদের অধিকার রক্ষায় পাকিস্তানের নিজেদের রেকর্ড আগে খতিয়ে দেখা উচিত’।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রক ভারতের ওয়াকফ আইন নিয়ে মন্তব্য করার কয়েকদিন পর ভারতের এই প্রতিক্রিয়া এল। নয়াদিল্লি ইসলামাবাদকে তাদের দেশের সংখ্যালঘুদের বর্তমান করুণ পরিস্থিতির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে।