“আমি ‘ডাস্কি’,তাতেই বেশি সুন্দরী”-গায়ের রং নিয়ে নিন্দুকদের মুখে এবার ঝামা ঘষলেন শিঞ্জিনী?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শিঞ্জিনী চক্রবর্তী বারবার তাঁর গায়ের রং এবং নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য সমালোচিত ও ট্রোলড হয়েছেন। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে, নিজের ‘কেয়ার নট অ্যাটিটিউট’ বজায় রেখে তিনি বারবার প্রমাণ করেছেন যে নেতিবাচকতাকে উপেক্ষা করেই এগিয়ে যাওয়া যায়। এই ট্রোলিং এবং বর্ণ বিদ্বেষ তাঁকে এতটাই প্রভাবিত করেছিল যে, বছরের শুরুতেও তিনি নিজের গায়ের রং নিয়ে সোচ্চার হয়েছিলেন।

পয়লা বৈশাখের দিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি শেয়ার করেছেন শিঞ্জিনী। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার গায়ের বাদামী রং আমার অলঙ্কার…।” এই পোস্টটিতে নেটিজেনরা তাঁকে কটাক্ষ না করে বরং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, যা তাঁর বিপুল সংখ্যক অনুরাগীর পরিচয় দেয়।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শিঞ্জিনী এই প্রসঙ্গে বলেন, “একটা সময় আমার গায়ের রং নিয়ে বহু মানুষ বিস্তর খোঁটা দিয়েছেন। কিন্তু আমি কখনও সেইসব কথায় কান দিইনি। কারণ, গায়ের রং তো আমার হাতে নেই। যখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা রেখেছি, তখন ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হত। আমি প্রথম দিনই স্পষ্ট জানিয়েছিলাম যে আমার গায়ের যা রং, সেটাই রেখেই আমি কাজ করব। আমি ‘ডাস্কি’ এবং তাতেই আমি বেশি সুন্দরী। তাই নিজের গায়ের রং নিয়ে আমি গর্বিত।”

 

View this post on Instagram

 

A post shared by Shinjinee Chakraborty (@shinjinee_chakraborty)

প্রসঙ্গত, ‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে শিঞ্জিনী চক্রবর্তী সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। ‘উমা’-তে মুখ্য চরিত্রে অভিনয় করার পর, ‘সন্ধ্যাতারা’ মেগাতেও তিনি নেতিবাচক চরিত্রে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘চিরসখা’ ধারাবাহিকে আবারও খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন। ‘লিড’ নায়িকা থেকে পার্শ্বচরিত্রে খলনায়িকা রূপে কাজ করা নিয়ে কোনও দ্বিধা নেই অভিনেত্রীর। তাঁর স্পষ্ট কথা, “আমি তো নায়িকা হতে আসিনি! আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। আমি চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা নাকি খলনায়িকা, সেটা আমার কাছে মুখ্য নয়।”

শিঞ্জিনীর এই আত্মবিশ্বাস এবং স্পষ্ট বার্তা সেই সমস্ত মানুষের কাছে এক যোগ্য জবাব, যারা গায়ের রং নিয়ে অন্যদের কটাক্ষ করে। তাঁর এই পোস্ট এবং মন্তব্য বহু মানুষকে নিজেদের ত্বকের রং নিয়ে গর্বিত হতে উৎসাহিত করবে, এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।