মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এবার আসরে নামল NHRC, দিলো কড়া পদক্ষেপের বার্তা

ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। সামসেরগঞ্জে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের মতো ভয়াবহ অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। মঙ্গলবার কমিশন জানিয়েছে, সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই মুর্শিদাবাদে একটি তদন্তকারী দল পাঠানো হচ্ছে।

ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান-সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। অভিযোগ, দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশের পাশাপাশি বিএসএফ মোতায়েন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় নেমেছে আধাসেনাও।

রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনও গোলমালের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুর্শিদাবাদের এই হিংসাত্মক ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। NHRC জানিয়েছে, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে ডিরেক্টর জেনারেল (তদন্ত)-কে মুর্শিদাবাদে টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই টিম শীঘ্রই মুর্শিদাবাদে পৌঁছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।”

কমিশনের তরফে জানানো হয়েছে, তদন্তকারী দলটি তিন সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেবে। এরপর সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদিও তদন্তকারী দলটি কবে মুর্শিদাবাদে আসছে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তারিখ এখনও জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারে।