মুখ্যমন্ত্রীর উপর হামলার আশঙ্কা, দুর্গাপুরে অবসরপ্রাপ্ত রেলকর্মী গ্রেফতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে কোনও সময় হামলা হতে পারে, এমন আশঙ্কার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন দুর্গাপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী বাদল লস্কর। তাঁর বিতর্কিত পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
বাদল লস্করের ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে এবং সেই ঘটনা খুব শীঘ্রই ঘটতে পারে। এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এই প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী কখন কী বলেন, তা তিনি নিজেও জানেন না। সেই কারণেই বাংলার মানুষ এমন মন্তব্য করছেন।” অন্যদিকে, রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর উপর হামলা হতে পারে, এমন মন্তব্য আমার চিন্তার বাইরে। যাঁরা এমন ব্যতিক্রমী আচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।”
অভিযোগকারী আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ, বাদল লস্করের উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হতে পারে এবং মুখ্যমন্ত্রীর প্রাণহানির চেষ্টা করতে পারে। তাঁর মতে, এই মন্তব্যের ফলে পশ্চিমবঙ্গের যে কোনও জায়গায় মুখ্যমন্ত্রীর উপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নিজের ফেসবুক পোস্টে বাদল লস্করের পরিচয় জানতে চান এবং তাঁকে খুঁজে বের করার দাবি জানান। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুর থেকে বাদল লস্করকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায়।
দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে বাদল লস্করকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুর্গাপুরের এ-জোনের বাসিন্দা। আইনজীবী সুদীপ দেবনাথের লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।