OMG! চুরি করা কানের দুল পরে নাচের রিল, ভিডিও ভাইরাল হতেই ধরা পড়লো তরুণী

সোশ্যাল মিডিয়ায় রিল্‌স তৈরিতে পটু হওয়ায় জনপ্রিয়তা ছিল তার। তবে সেই জনপ্রিয়তাই কাল হল। একটি নাচের রিল তাকে সোজা শ্রীঘরে পাঠাল। কারণ সেই রিলে দেখা গেল, একসময়ে বেহালার পর্ণশ্রী এলাকার যে বাড়িতে সে পরিচারিকার কাজ করত, সেই বাড়ি থেকে খোয়া যাওয়া সোনার দুল তারই কানে! দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তার বাড়ি থেকে পূর্ণিমা মণ্ডল নামের ওই ৩৫ বছর বয়সী তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আদালতে হাজির করানো হলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রীর একটি বাড়িতে বছর তিনেক পরিচারিকার কাজ করার পর গত বছর অক্টোবরে আচমকা কাজ ছেড়ে দেয় পূর্ণিমা। ওই বাড়ির মালকিন সঞ্চিতা মুখোপাধ্যায় থানায় অভিযোগ দায়ের করে জানান, পূর্ণিমা কাজ ছাড়ার পর বাড়িতে দুই জোড়া সোনার দুল এবং কিছু গয়না খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তদন্তকারীরা জানান, সম্প্রতি সঞ্চিতা দেবী সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমার একটি নাচের রিল দেখতে পান। সেই রিলে প্রাক্তন পরিচারিকার কানে অবিকল একজোড়া সোনার দুল দেখতে পান, যা তার বাড়ি থেকে খোয়া যাওয়া দুলগুলির মতোই। সঙ্গে সঙ্গেই তিনি পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পূর্ণিমার নাচের ওই রিলটি তিনি সংরক্ষণ করে রেখেছিলেন এবং সেটি পুলিশের সঙ্গে শেয়ার করেন।

তদন্তে নেমে পুলিশ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাড়িতে হানা দিয়ে পূর্ণিমাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীর বাড়ি থেকে খোয়া যাওয়া দু’জোড়া সোনার দুল ছাড়াও একটি সোনার আংটি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই আংটিতে সঞ্চিতা দেবীর স্বামী সমীরণের নাম খোদাই করা ছিল।

পুলিশ আরও জানায়, যে নাচের রিলটির জন্য পূর্ণিমা এখন শ্রীঘরে, সেই রিলে ইতিমধ্যেই প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। সম্ভবত নিজের ‘অপরাধ’ সকলের সামনে জাহির করার উদ্দেশ্যেই ওই রিলটি তৈরি করেছিলেন ধৃত তরুণী, এমনটাই মনে করছেন তদন্তকারীরা।