মুম্বই হামলার মামলায় তাহাউরের আইনজীবী কে?-জেনেনিন উঠে আসছে কার নাম?

২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা বৃহস্পতিবার দিল্লির এনআইএ-র বিশেষ আদালতে জানান যে তাঁর ব্যক্তিগত কোনও আইনজীবী নেই। আদালতের নির্দেশে বর্তমানে ১৮ দিনের এনআইএ হেফাজতে রয়েছেন এই হামলার মূল ষড়যন্ত্রে অভিযুক্ত রানা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, কে তাঁর হয়ে আইনি লড়াই চালাবেন?

তবে সেই অনিশ্চয়তার অবসান ঘটল। সূত্রের খবর অনুযায়ী, দিল্লির খ্যাতনামা আইনজীবী পীযূষ সচদেব তাহাউর রানার হয়ে সওয়াল করতে রাজি হয়েছেন। তাঁর সম্মতির পরেই দিল্লি স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (DLSA) তাঁকে রানার আইনজীবী হিসেবে নিযুক্ত করেছে।

বিশেষ আদালত বৃহস্পতিবার DLSA-কে নির্দেশ দিয়েছিল যে, তাহাউরের হয়ে মামলা লড়ার জন্য দিল্লি স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি-র তালিকায় নথিভুক্ত থাকা কোনও আইনজীবীকে যেন নিযুক্ত করা হয়। সেই নির্দেশের পরেই DLSA আইনজীবী পীযূষ সচদেবের সঙ্গে যোগাযোগ করে। পীযূষ সচদেব রানার হয়ে আইনি সহায়তা প্রদানে রাজি হন।

উল্লেখ্য, আমেরিকা থেকে প্রত্যর্পণের পর এই প্রথম আদালতে হাজিরা দেন তাহাউর রানা। ব্যক্তিগত আইনজীবী না থাকার কারণে আইনি প্রক্রিয়া কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে পীযূষ সচদেবের মতো অভিজ্ঞ আইনজীবী রানার হয়ে মামলা লড়তে রাজি হওয়ায়, আইনি প্রক্রিয়া এবার স্বাভাবিক গতিতে এগোবে বলে আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয়, আদালতে রানার বিরুদ্ধে এনআইএ কী কী তথ্য প্রমাণ পেশ করে এবং আইনজীবী পীযূষ সচদেব কিভাবে তার মোকাবিলা করেন।