গল্প করতে করতে তরুণীর কপালে জোর করে সিঁদুর, যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে চরম হেনস্তার শিকার হলেন এক তরুণী। গত ৭ই এপ্রিল বালুরঘাটের এক গ্রামে কাকিমার বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে এক স্থানীয় যুবক সকলের সামনে আচমকা তাঁর কপালে সিঁদুর পরিয়ে দেয় এবং পরে জামাকাপড় ধরে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা। পরে পরিবারের অন্য সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি মীমাংসা করার জন্য গ্রামের মোড়লদের সহায়তায় একটি আলোচনা বৈঠকের আয়োজন করেন। তবে অভিযোগ, অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকে সেই বৈঠকে যোগ দিতে অস্বীকার করা হয়।
শেষ পর্যন্ত বুধবার নির্যাতিতা তরুণী তাঁর বাবা, কাকা ও মামাকে সঙ্গে নিয়ে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন, পুলিশ অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ই এপ্রিল তপন এলাকার ২১ বছর বয়সি ওই তরুণী তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বালুরঘাটের ওই গ্রামে বেড়াতে এসেছিলেন। অভিযোগ অনুযায়ী, দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ির অন্যান্য মহিলাদের সঙ্গে পার্কিংয়ে রাখা একটি টোটোতে বসে গল্প করছিলেন তিনি। সেই সময় অভিযুক্ত স্থানীয় যুবক আচমকা সেখানে এসে সকলের সামনে ওই তরুণীর কপালে সিঁদুর পরিয়ে দেয়। অপ্রত্যাশিত এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন তরুণী। অভিযোগ, সিঁদুর পরানোর পরই ওই যুবক তাঁর জামাকাপড় ধরে টানাটানি করে এবং শ্লীলতাহানি করে।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।